ময়েসের লিভারপুল-পরীক্ষা
একটা আক্ষেপ এখনো পোড়ায় ডেভিড ময়েসকে। এভারটনের কোচ ছিলেন ১১ বছর, কিন্তু নগরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠে জয়টা থেকে গেল অধরাই। সেই ময়েস আবার ফিরছেন অ্যানফিল্ডে, এবার অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে। আজকের লিভারপুল-ইউনাইটেড ম্যাচে ময়েসের আক্ষেপ কি ঘুচবে?
ময়েস স্বীকার করলেন আজ কঠিন একটা পরীক্ষাই দিতে হবে চ্যাম্পিয়নদের, ‘অ্যানফিল্ডে খেলা সব সময়ই কঠিন—দারুণ একটা স্টেডিয়াম। আমি সেখানে ফেরার জন্য অপেক্ষা করছি। এক দিক দিয়ে এটা অন্য সব খেলার মতোই, কারণ জিতলে আপনি শুধু ৩ পয়েন্টই পাবেন। কিন্তু জয় পেলে সেটা হবে আমাদের জন্য বড় ব্যাপার।’
অবশ্য লিভারপুলে যেভাবে মৌসুম শুরু করেছে, তাতে ময়েসের উদ্বেগের কারণ আছে। ব্রেন্ডন রজার্সের দল জয় পেয়েছে প্রথম দুই ম্যাচেই, এখন পর্যন্ত একবারও বল ঢোকেনি লিভারপুলের জালে। আর ইউনাইটেড আগের ম্যাচটা ড্র করেছে চেলসির সঙ্গে। উড়তে থাকা লিভারপুলকে কি মাটিয়ে নামাতে পারবেন ময়েস? ইতিহাস তাঁকে প্রেরণা জোগাতে পারে। গত মৌসুমে লিগে দুবারই লিভারপুলকে হারিয়েছিল ইউনাইটেড। দুবারই গোল করেছিলেন রবিন ফন পার্সি।
শুধু অ্যানফিল্ডেই না, আজ চোখ থাকবে লন্ডনেও। এখানে মুখোমুখি আর্সেনাল-টটেনহাম। প্রথম দুই ম্যাচেই জিতে টটেনহাম শুরুটা দারুণ করেছে। আর্সেনাল হেরে বসেছিল প্রথম ম্যাচেই, দ্বিতীয় ম্যাচে অবশ্য জিতেছে। তবে বড় খেলোয়াড় কিনতে না পারায় কোচ আর্সেন ওয়েঙ্গার আছেন সমর্থকদের তোপের মুখে। অন্যদিকে টটেনহাম এখন পর্যন্ত খরচ করে ফেলেছে প্রায় ১১ কোটি ইউরো। খেলাটা তাই ‘পুরোনো’ আর্সেনালের সঙ্গে ‘নতুন’ টটেনহামেরও। এএফপি।