মরকেল-ফিল্যান্ডারের পর আমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার গ্রায়েম স্মিথ আউট হলেন মিচেল জনসনের বলে। বোলিং করতে করতে কুঁচকিতে টান পাওয়া ওয়েইন পারনেল হাসপাতাল থেকে ঘুরে আসার পর জানালেন, এই টেস্টে আর বোলিং করা হবে না তাঁর। তবু দিন শেষে স্কোরবোর্ডের দিকে তাকিয়ে যদি কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, তিনি ক্লার্ক নন, স্মিথই হবেন। বোলাররা স্বাগতিকদের প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড এনে দিয়েছিলেন। দিন শেষে ৪ উইকেটের বিনিময়ে যোগ হয়েছে আরও ১৯২ রান। সাত ইনিংস পর হাফ সেঞ্চুরির দেখা পাওয়া হাশিম আমলা ব্যাট করছেন ৯৩ রানে। সব মিলিয়ে ৩৬৯ রানের লিড। অবিশ্বাস্য কিছু না ঘটলে পোর্ট এলিজাবেথে হারতে হচ্ছে না দক্ষিণ আফ্রিকাকে।
৪ উইকেটে ১১২ রান নিয়ে দিনটা শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু যে উইকেটে জনসন-সিডলরা প্রথম ইনিংসে ব্যর্থ, সেখানেই অস্ট্রেলিয়াকে ২৪৬ রানে আটকে ফেললেন মরকেল-ফিল্যান্ডাররা। ডেভিড ওয়ার্নার (৭০) ছাড়া হাফ সেঞ্চুরির দেখা পাননি অন্য কেউ।
শেষবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দেড় শ রানের লিড নিয়েছিল ইংল্যান্ড, জুলাইয়ে অ্যাশেজের লর্ডস টেস্টে। ওই টেস্ট কিন্তু ৩৪৭ রানে হেরেছিল ক্লার্কের দল। প্রায় ভুলতে বসা সেই স্মৃতি কি পোর্ট এলিজাবেথে ফিরিয়ে দেবে স্মিথের দল?