এক দলের ওপেনিং জুটি ১১ ওভারে ১০৩ রানের। বাকি কেউ রান না পেলেও দলের রান হয়ে গেল ১৭৯। আরেক দলের ইনিংসের বয়স তিন বল হতেই ২ উইকেটে ০। ম্যাচ তো শেষ ওখানেই!অ্যালেক্স হেলস আর এউইন মরগানের বীরত্বে তবু প্রাণ ফিরেছিল মরা ম্যাচে। রোমাঞ্চকর রান তাড়ায় প্রায় অসম্ভবের পেছনে ছুটেছিলেন দুজন। কিন্তু শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের শুরুটাই। সুপার এইটে এসে টুর্নামেন্টে প্রথম জয় পেল অন্যতম ফেবারিট ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়নরা হারল ১৫ রানে। একজনকে নিয়েই সবচেয়ে বেশি ভয় ছিল ইংলিশদের। আরেকজন ভাবনাতেও ছিলেন না। চেনা-অচেনা দুই শত্রুই কাল প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল ইংলিশ বোলারদের ওপর। ঝোড়ো ফিফটিতে ‘চেনা শত্রু’ ক্রিস গেইল ছুঁলেন দুটি বিশ্ব রেকর্ড আর একটি মাইলফলক। ‘নতুন শত্রু’ জনসন চার্লস ১০ চার ও তিনটি ছয়ে করলেন ৫৬ বলে ৮৪। ১৮০ রানের লক্ষ্যটা অবশ্য কঠিন হলেও অসম্ভব ছিল না। কিন্তু প্রথম ওভারে রামপলের ওই জোড়া আঘাতের ধাক্কা সামলে উঠতে উঠতেই ম্যাচটা হাত থেকে ছিটকে যায় ইংলিশদের।মরগান যখন হেলসের সঙ্গে জুটি বাঁধলেন, ইংল্যান্ডের রান তখন ১০ ওভারে ৩ উইকেটে ৫৫। ৫৮ বলে ১০৭ রানের অসাধারণ এক জুটিতে দলকে অসম্ভব এক স্বপ্ন দেখাচ্ছিলেন দুজন। কিন্তু শুরুটাই এত ব্যবধান গড়ে দিয়েছে যে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। ৫১ বলে ৬৮ করে ওপেনার হেলস আউট হয়েছেন শেষ ওভারে, ৪ চার ও ৫ ছয়ে ৩৬ বলে ৭১ করে অপরাজিত থেকে যান মরগান।গেইল শুরু করেছিলেন ডার্নব্যাখের প্রথম ওভারেই তিনটি চার মেরে। সামিত প্যাটেলকে স্বাগত জানালেন তিনটি ছয়ে। ২৯ বলে ছুঁয়েছেন ফিফটি। টানা চার ইনিংস ফিফটি করে ছুঁয়েছেন ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। সব মিলিয়ে রেকর্ড নয়টি ফিফটিতেও ছুঁয়েছেন ম্যাককালামকে। টি-টোয়েন্টিতে ছক্কার ‘হাফ সেঞ্চুরিও’ হয়ে গেছে। বিখ্যাত সতীর্থের ব্যাট উন্মত্ত দেখেই হয়তো চার্লস শুরুতে খেলেছেন রয়েসয়ে, একপর্যায়ে রান ছিল ২৩ বলে ২০। সেখান থেকে ফিফটি ছুঁয়ে ফেললেন মাত্র ৩৯ বলেই! সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন, কিন্তু দুই ওভার বাকি থাকতে ধরা পড়েন লং অনে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৯/৫ (গেইল ৫৮, চার্লস ৮৪, স্যামুয়েলস ২, পোলার্ড ১, ব্রাভো ১১*, স্যামি ৪, রাসেল ১০*, ব্রড ২/২৬, ফিন ১/২৬, সোয়ান ১/৩২, ডার্নব্যাখ ১/৩৮); ইংল্যান্ড: ২০ ওভারে ১৬৪/৪ (কিসওয়েটার ০, হেলস ৬৮, রাইট ০, বেয়ারস্টো ১৮, মরগান ৭১*, বাটলার ১*, রামপল ২/৩৭ , গেইল ১/২৭, স্যামুয়েলস ১/৩২)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জনসন চার্লস।