মরগানের ব্যাটে জিতল ইংল্যান্ড
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ভারত। প্রথম ম্যাচটা ৫ উইকেটে জিতে নিজেদের সক্ষমতার প্রমাণও দিয়েছিল ধোনি বাহিনী। কিন্তু সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আবারও ব্যর্থতার মুখ দেখতে হলো স্বাগতিক ভারতকে। হারের আশঙ্কায় দুলতে থাকা ইংল্যান্ডকে চমত্কার এক জয় এনে দিয়েছেন ইয়ন মরগান। ২৬ বলে ৪৯ রানের চমত্কার ইনিংসটি খেলে ইংল্যান্ডকে ছয় উইকেটের জয় এনে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই জয় দিয়ে ১-১ ব্যবধানের সমতা নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ করল সফরকারী ইংল্যান্ড।জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতেই ৮০ রান সংগ্রহ করে ইংল্যান্ডকে জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে দিয়েছিলেন দুই ওপেনার মিচেল ল্যাম্ব ও অ্যালেক্স হালেস। কিন্তু এরপর ইংল্যান্ড শিবিরের দুঃস্বপ্ন হিসেবে আবির্ভূত হন যুবরাজ সিং। একে একে ল্যাম্ব, লুক রাইট ও হালেক্সকে সাজঘরমুখী করেন এই বাঁহাতি স্পিনার। চার ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে এই তিনটি উইকেট শিকার করেন যুবরাজ। ল্যাম্ব ৫০ ও হালেস ৪২ রান করে আউট হন। ১৫ ওভার শেষে ইংল্যান্ড স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় তিন উইকেটে ১২৭ রান। ম্যাচের নিয়ন্ত্রণ তখন অনেকখানিই ভারতের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। কিন্তু শেষমুহূর্তে ইয়ন মরগানের দুর্দান্ত ঝোড়ো ব্যাটিংয়ে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। ২৬ বলে ৪৯ রানের দুর্দান্ত ইনিংসটি খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন মরগান।এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। দ্বিতীয় ওভারেই ভারতীয় ওপেনার আজিনকা রেহানের উইকেট তুলে নিয়ে শুরুটাও ভালোভাবে করেছিলেন ইংলিশ বোলাররা। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের ঝড়ো জুটি গড়ে ভারতকে শক্ত ভিত্তি গড়ে দেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। দলীয় ৬৪ রানের মাথায় কোহলিকে সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান স্টুয়ার্ট মিকার। এরপর ভারতীয় স্কোরবোর্ডে ১০৮ রান জমা হতেই একে একে ফিরে যান যুবরাজ সিং, গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। এই পর্যায়ে রানের গতিও অনেক ধীর হয়ে গিয়েছিল। তবে ষষ্ঠ উইকেটে ৬০ রানের চমত্কার এক জুটি গড়ে ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেন সুরেশ রায়না ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই রান তাঁরা সংগ্রহ করেন মাত্র ৪.৩ ওভারে। ধোনি ১৮ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরলেও ২৪ বলে ৩৫ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন রায়না। ইংল্যান্ডের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন জেড ডার্নব্যাচ ও লুক রাইট।