মরগানের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯৯ বলে ১০৬ রানের ইনিংসটি খেলার পথে মরগান
৯৯ বলে ১০৬ রানের ইনিংসটি খেলার পথে মরগান

দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য যে ২৬৯ রানও যথেষ্ট হবে না, সেটা প্রথম ওয়ানডেতেই টের পেয়েছে ইংল্যান্ড। আজ দ্বিতীয় ওয়ানডেতে তাই অস্ট্রেলিয়াকে ২৯৭ রানের লড়াকু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সফরকারীরা। শেষ ১০ ওভারেই ১০০ রান সংগ্রহ করে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দিয়েছেন ইয়ন মরগান ও জোস বাটলার। ৯৯ বলে ১০৬ রান করে শেষ ওভারে আউট হয়েছেন মরগান। বাটলারের ব্যাট থেকে এসেছে ৪৫ রান।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। প্রথম ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান জমা করেছিলেন অ্যালিস্টার কুক ও ইয়ান বেল। কিন্তু এরপর খুব দ্রুতই তিনটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে সফরকারীরা। পরবর্তী সাত ওভারে মাত্র ১৪ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন কুক (২২), জো রুট (২) ও গ্যারি ব্যালান্স (৯)। তবে প্রাথমিক এ ধাক্কাটা ভালোভাবেই সামলে নিয়েছেন বেল ও মরগান। চতুর্থ উইকেটে তাঁরা গড়েন ৬১ রানের জুটি। ৩০তম ওভারের শেষ বলে ৬৮ রান করে রানআউটের ফাঁদে পড়েন বেল। এরপর রানের চাকা ঘোরানোর দায়িত্বটা প্রায় একাই পালন করেছেন মরগান। ষষ্ঠ উইকেটে বাটলারের সঙ্গে তাঁর ১১৩ রানের ঝোড়ো জুটিটার সুবাদেই বড় সংগ্রহ গড়েছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন জেমস ফাল্কনার, গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান কোল্টার-নাইল।