মরা উইকেটে প্রাণের লড়াই
১৭২ ওভার ঘাম ঝরিয়ে জুটেছে ৪ উইকেট। এর দুটি আবার সেই পরশু প্রথম সেশনে। পরের পাঁচ সেশন মিলিয়ে বাকি দুটি। একটি আড়াই শ ছাড়ানো ইনিংস, আর দুটি সেঞ্চুরি। একটি জুটিতে উঠেছে ৩২৬ রান, ৯৮ ওভারে। আরেক জুটি খেলেছে ৫৪ ওভার, রান উঠেছে ১৭৭। বোলারদের অবস্থাটা সহজেই অনুমেয়! ক্লান্ত, শ্রান্ত, বিধ্বস্ত। মরা উইকেটে প্রায় দুই দিন ধরে মাথা কুটে মরতে হয়েছে বাংলাদেশের বোলারদের।তবে একজন ছিলেন ব্যতিক্রম, দীর্ঘ চোট কাটিয়ে যিনি মাত্রই ফিরেছেন দলে। ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলেছেন, ভুগিয়েছেন, পরাস্ত করেছেন। হায়, স্কোরকার্ড দেখে সেটা বোঝার উপায় কোথায়! ২৮-৮-৭৫-২, হাজারো প্রতিকূলতার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াইয়ের কথা তো লেখা নেই এই বোলিং ফিগারে! কিন্তু কখনো পাশে পাননি ভাগ্যকে, কখনো সতীর্থদের। তবে তাতে বোলিং ফিগার খুব যে দারুণ কিছু হতো, সেটাও নয়। হয়তো উইকেট আর একটি-দুটি বাড়ত। তাঁর মূল কৃতিত্ব তো অন্য জায়গায়। নিজেকে উজাড় করে দিয়ে মাঝেমধ্যেই শেখ আবু নাসের স্টেডিয়ামের ওই ‘মরা’ ২২ গজে প্রাণের ছোঁয়া জাগিয়েছেন রুবেল হোসেন।দিন শেষে জানালেন নিজের সেই লড়াইয়ের কথা, ‘উইকেটে আসলে বোলারদের জন্য কিছু নেই, পুরোপুরিই ব্যাটিং উইকেট। আমি চেষ্টার সর্বোচ্চ করে গেছি জায়গামতো বল করে যেতে। অনেক দিন বাইরে থাকার পর ফিরেছি, তাই চেয়েছি আস্তে আস্তে বলের গতি বাড়াতে। নিজের পারফরম্যান্সে আমি মোটামুটি তৃপ্ত।’অন্তত চেষ্টার কোনো কমতি রাখেননি, তৃপ্তি থাকতেই পারে। কিন্তু দিন শেষে যখন দেখেন প্রচেষ্টার তুলনায় প্রাপ্তির ভাঁড়ারটা অনেক খালি, উইকেটের খাতাটায় জমা পড়েছে সামান্য, তখন তো হতাশা ঘিরে ধরাই স্বাভাবিক! বিশেষ করে, এমন অভিজ্ঞতা যখন প্রায়ই হয়! দেশের উইকেটে রুবেলদের জন্য তো থাকে না কিছুই! না থাকে ঘরোয়া ক্রিকেটে, না থাকে আন্তর্জাতিক ক্রিকেটে। গত বছর এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময়ই রুবেলের বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন ইয়ান বিশপ। ধারাভাষ্য দিতে আসা সাবেক ফাস্ট বোলার বলেছিলেন, ‘রুবেলের জন্য হলেও বাংলাদেশে কিছু ঘাসের উইকেট প্রয়োজন। না হলে ওর মতো প্রতিভার প্রতি অবিচার হয়ে যায়। আর শুধু নিষ্প্রাণ উইকেটে খেলে নিজেদের পরিপূর্ণ করে তোলাও যায় না।’ কিন্তু সেসব কথা ভাববে কে?ধারাবাহিকভাবে দারুণ বোলিং করে গেলেও তাই ১৪ টেস্টে জুটেছে মাত্র ২১ উইকেট, ১০টির বেশি টেস্ট উইকেটশিকারিদের মধ্যে ইতিহাসের দ্বিতীয় বাজে বোলিং গড়, ৭৭.৭১! কিন্তু ওই পরিসংখ্যানে তো লেখা নেই রুবেলকে প্রতিনিয়ত মরা উইকেটে যুদ্ধ করতে হয়েছে। লেখা নেই তাঁর বোলিংয়ে ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে আসা বল হাতে জমানোর জন্য স্লিপে নেই কোনো বিশ্বস্ত হাত! রুবেলের নাকি এসব নিয়ে আক্ষেপ নেই, ‘ভাগ্যটাকে আমি আসলে সব সময় পাশে পাই না। অনেক সময় বাজে বলেও বোলাররা উইকেট পেয়ে যায়, আবার ভালো বলেও পায় না। ব্যাটসম্যানকে পরাস্ত করেও উইকেট পাওয়া যায় না। ক্রিকেটে আসলে ভাগ্যটা অনেক বড় ব্যাপার। তবে এসব নিয়ে আমার ভাবনা নেই।’রুবেলই হয়তো ঠিক। যে ভাবনায় কোনো সমাধান নেই, তা নিয়ে ভেবে কী হবে! অনুযোগ করে লাভ নেই। জানেন, আজই আবার ঝাঁপিয়ে পড়তে হবে, বোলারদের বধ্যভূমিতে টিকে থাকার লড়াইয়ে!