মরা ম্যাচে হঠাৎই প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুয়ো শুনলেন আলিম দার ও কুমার ধর্মসেনা। অ্যাশেজের শেষ টেস্টের এই দুই আম্পায়ারকে দর্শকেরা দুয়ো দিয়েছেন টেস্ট ম্যাচের অকালমৃত্যুর জন্য দায়ী করে। ইতিহাসে প্রথমবারের মতো ৪-০ ব্যবধানে অ্যাশেজ জিততে ৫ উইকেট হাতে রেখে ২৪ বলে ২১ রান দরকার ইংল্যান্ডের, এই অবস্থায় আলোকস্বল্পতার কারণে ম্যাচের সমাপ্তি ঘোষণা কে-ই বা মানতে পারে।
বৃষ্টিতে পুরো এক দিন খেয়ে ফেলা ওভালের এই ম্যাচ এতটা উত্তেজনা ছড়াবে কে ভেবেছিল। ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চকর একটা দিন উপহার দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৬ উইকেটে ১১১ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ঘোষণাতেই মরা ম্যাচে হঠাৎ প্রাণের ছোঁয়া। এর আগে প্রথম ইনিংসে ৩৭৭ রানে অলআউট হওয়া ইংল্যান্ডকে জিততে হলে দ্বিতীয় ইনিংসে করতে হবে ২২৭। হাতে মাত্র ৪৪ ওভার। ইংল্যান্ড ব্যাট করল জয় পেতেই। ২২ রানে জো রুটকে হারালেও অধিনায়ক অ্যালিস্টার কুক (৩৪) ও ট্রট (৫৯) দলকে নিয়ে গেলেন ৮৬ পর্যন্ত। কুকের বিদায়ের পর উইকেটে এসেই ধুন্ধুমার ব্যাটিং কেভিন পিটারসেনের। মাত্র ৩৬ বলেই পঞ্চাশ ছোঁয়া কেপি শেষ পর্যন্ত আউট হয়েছেন ৬২ রান করে। এরপর ইয়ান বেল ও ক্রিস ওকস চেষ্টা করলেও শেষ পর্যন্ত ড্রই হলো শেষ টেস্ট। আর ইংল্যান্ড সিরিজ জিতল ৩-০ তে।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জো রুটের ক্যাচ নিয়ে রডনি মার্শের এক সিরিজে সবচেয়ে বেশি ডিসমিসালের (২৮) রেকর্ড ভেঙেছেন ব্রাড হাডিন। তথ্যসূত্র: স্টার ক্রিকেট।