মরিনহোই ঠিক ছিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর সমালোচকের অভাব নেই৷ আবার গুণকীর্তকদের মিছিলও বেশ লম্বা৷ এই মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন আবার এক কিংবদন্তি৷ অনেকবারই মরিনহোর প্রশংসার ফুল ঝরেছে ডিয়েগো ম্যারাডোনার কণ্ঠে৷ মরিনহোকে নিয়ে তাঁর একটি অমর বাণীও বেিশ আলোড়ন তোলা, ‘হোসে এক জাদুকরের নাম, যে একটি মুদ্রাকেও ফুল বানিয়ে দিতে পারে৷’ এবার ইকার ক্যাসিয়াসের দুর্দশা দেখেও ম্যারাডোনার মনে পড়েছে মরিনহোর কথা৷ ক্যাসিয়াসকে বাদ দিয়ে তো ঠিকই করেছিলেন মরিনহো!
১৩ জুন স্পেনের জালে হল্যান্ডের ৫ গোলের ৩টিতেই অনেকে দায় দেখছেন ক্যাসিয়াসের৷ রবিন ফন পার্সিকে একটি গোল উপহার দিয়েছেন, স্টেফান ডি ভ্রাই আর আরিয়েন রোবেনের শেষ গোলেও ঠিক পজিশনে ছিলেন না ক্যাসিয়াস৷ এই পারফরম্যান্স দেখে ম্যারাডোনার মনে পড়েছে বন্ধুকে, ‘আমার জীবনে দেখা সবচেয়ে বাজে গোলকিপিং পারফরম্যান্স ছিল ক্যাসিয়াসের...মনে পড়ছে আমার বন্ধু মরিনহো ওর সম্পর্কে সবাইকে যা বলেছিল৷ মরিনহো বলেছিল, ক্যাসিয়াসকে রাখা যাবে না৷ সেটার জন্য মূল্যও দিতে হয়েছে মরিনহোকে, ছাড়তে হয়েছে ক্লাব৷ অথচ এখন দেখা যাচ্ছে, মরিনহোই ছিল ঠিক৷’
ওই ম্যাচের পর স্পেনে তোপের মুখে পড়েছেন ক্যাসিয়াস, ফুটবল বিশ্বজুড়ে বিস্ময় ‘সন্ত’ ইকার এভাবে সাধারণ্যের কাতারে নেমে আসায়৷ ক্যাসিয়াস নিজেও দায়টা নিয়েছেন নিজের কাঁধে, ‘আমরা ক্ষমা চাচ্ছি, ক্ষমার লাইনে সবার আগে আমিই৷ ব্যর্থতার দায় মেনে নিচ্ছি, এমন পারফরম্যান্সের পর নিতে হবেই৷ সমালোচনা গ্রহণ করার মতো যথেষ্ট পরিণত আমি৷ ওই ম্যাচ নিয়ে এখন ভেবে আর লাভ নেই৷ আমরা কেবল পারি পরের ম্যাচের দিকে তাকাতে, মাঠেই সব ভুলিয়ে দিতে৷’
লা লিগায় রিয়াল একাদশে জায়গা পান না, চ্যাম্পিয়নস লিগ একাদশে থাকলেও ক্যাসিয়াসের পারফরম্যানন্স সেই আগের মতো নেই৷ ক্যাসিয়াসে আস্থা রাখায় ভিসেন্তে দেল বস্কের সমালোচনাও কম হচ্ছে না৷ তবে স্পেন কোচ শুধু ক্যাসিয়াসকে দায় দিতে নারাজ, ‘একটা দল এভাবে হারলে কোনো একজন ফুটবলারের কারণে তা হতে পারে না৷ গোটা দলই বাজে খেলেছে৷ শুধু একজনকে দায় দেওয়া যাবে না, ক্যাসিয়াসকে তো নয়ই৷’ ক্যাসিয়াস পাশে পেয়েছেন সতীর্থ ও প্রিয় বন্ধু সার্জিও রামোসকেও, ‘কোনো একজনের দিকে আঙুল তোলার সময় এখন নয়৷ ইকারকে আমি আর দশজন সতীর্থের মতোই দেখছি৷ দায়টা সবার, সবাই বাজে খেলেছে৷ চাপও সবার ওপরেই৷’ ওয়েবসাইট৷