মরিনহোর দুঃখ, ক্লোসার স্বপ্ন

২০১০ বিশ্বকাপে রোনালদোর বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন মিরোস্লাভ ক্লোসা।কিন্তু জার্মান কোচ জোয়াকিম লো উরুগুয়ের সঙ্গে নিজেদের শেষ ম্যাচে (তৃতীয় স্থান নির্ধারণী) ক্লোসাকে মাঠেই নামাননি।এরপর ফর্ম হারিয়ে এবং একের পর এক চোটের সঙ্গে সংগ্রাম করে কাটছিল বেশির ভাগ সময়।সঙ্গে বয়সের ভার মিলিয়ে ক্লোসার ব্রাজিল বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়েই ছিল সংশয়।কিন্তু ভাগ্য তাঁকে শুধু বিশ্বকাপেই নিয়ে আসেনি, রোনালদোর ব্রাজিলের বিপক্ষে গোল করেই ভেঙে দিয়েছেন রোনালদোর রেকর্ড। গড়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের নতুন রেকর্ড।
অনন্য এই কীর্তি গড়ার পর থেকেই অভিনন্দন-অভিবাদনের জোয়ারে ভাসছেন জার্মান স্ট্রাইকার। চেলসি কোচ হোসে মরিনহোও কুর্নিশ করছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিককে।তবে রেকর্ডটা হাতছাড়া হওয়ায় রোনালদোর জন্যও খারাপ লাগছে মরিনহোর! ব্রাজিলিয়ান কিংবদন্তি রেকর্ডটা হারিয়ে ফেলায় মরিনহো হতাশ। বলছেন, রেকর্ড করলেও ক্লোসা রোনালদো নয়। রোনালদো রোনালদোই। খেলোয়াড় হিসেবে রোনালদোই রেকর্ডটার সবচেয়ে যোগ্য দাবিদার ছিলেন।
ক্লোসা তাঁর ১৬ গোলের প্রতিটিই করেছেন পেনাল্টি সীমানার ভেতরে থেকে। রোনালদোর মতো দূরপাল্লার শটে, একক প্রচেষ্টায় বা দুরূহ কোণ থেকে গোল ক্লোসার ক্যারিয়ারে খুব কমই আছে। মরিনহোও তাই বলছেন, ‘ক্লোসাকে অভিনন্দন। ওর অসাধারণ অর্জনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাই আছে আমার। কিন্তু আমার বিশ্বাস, গত দুই দশকের মধ্যে রোনালদোই সেরা।’
১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনায় ববি রবসনের সহকারী হিসেবে মরিনহো বেশ কিছুদিন কাজ করেছিলেন রোনালদোর সঙ্গে। কাতালান ক্লাবটিতে রোনালদো ৩৭ ম্যাচে করেছিলেন ৩৭ গোল।সাবেক শিষ্যের জন্য মরিনহোর খারাপ লাগতেই পারে। তাতে ক্লোসার অবশ্য কিছু যায় আসে না। তাঁর সামনে বরং রেকর্ডটা আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ। তবে রেকর্ড নয়, বিশ্বকাপে নিজের সম্ভাব্য শেষ ম্যাচ হিসেবে ক্লোসা তাকিয়ে আছেন ১৩ জুলাই মারাকানার ফাইনালের দিকে। বিশ্বকাপেই শুধু নয়, আর্জেন্টিনার সঙ্গে মারাকানার ফাইনালটাই হতে পারে ৩৬ বছর বয়সী ক্লোসার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ক্লোসা ইতি টানতে চান দেশকে শিরোপা উপহার দিয়েই, ‘আমাদের আরও একটা ম্যাচ জিততে হবে।’
ক্লোসার স্বপ্ন পূরণ হবে? গোলডটকম।