দুজনই দুবার করে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। হোসে মরিনহো ও কার্লো আনচেলত্তির মধ্যে এর চেয়েও বড় মিল, দুজনেই কোচ ছিলেন চেলসির। লিগ শিরোপা জেতাতে পারলেও চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের বড় স্বপ্নটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন দুজনেই, চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি। সাফল্য-পিপাসু আব্রামোভিচের সেই অধরা স্বপ্নটা গত মৌসুমে পূরণ করে দিয়েছেন রবার্তো ডি মাত্তেও।সময়ের ব্যবধানে চ্যাম্পিয়নস লিগ চ্যালেঞ্জটা আবারও একই স্রোতে মিলিয়ে দিয়েছে মরিনহো-আনচেলত্তিকে। মরিনহোর মাথায় রিয়াল যেমন, তেমনি আনচেলত্তির মাথায়ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) চাপিয়ে দিয়েছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের চ্যালেঞ্জ। ২০০১-০২ মৌসুমের পর চ্যাম্পিয়নস লিগ না জেতা রিয়ালের শিরোপাখরা ঘোচানোর ক্ষুধাটা সবারই জানা।মজার ব্যাপার, ইউরোপিয়ান মঞ্চে যারা অনুজ্জ্বল ছায়া, সেই পিএসজিরও লক্ষ্য এবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কাতারি মালিক মালিকানা কেনার পর দুই হাতে টাকা ঢেলে ফরাসি ক্লাবটিতে বসিয়েছে তারকার মেলা। বিত্ত-বৈভব সূত্রেই আনচেলত্তির কোচ হয়ে আসা! চ্যাম্পিয়নস লিগ নিয়ে মালিকপক্ষের প্রত্যাশার সীমানা নাকি অনেক দূর বিস্তৃত! তবে মরিনহো-আনচেলত্তির দল শুরুটা করেছে দারুণ, জয় দিয়ে। আজ দ্বিতীয় জয়ের আশা নিয়ে দুই দলই উড়ে যাচ্ছে প্রতিপক্ষের মাঠে। প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জেতে রিয়াল। এর সঙ্গে লিগে টানা দুটি জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে মরিনহোর দল যাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন আয়াক্স আমস্টারডামের মাঠে। ডায়নামো কিয়েভকে ৪-১ গোলে হারানো আনচেলত্তির পিএসজি মুখোমুখি হবে পোর্তোর। পর্তুগিজ ক্লাবটির শুরু হয়েছে ডায়নামো জাগরেবের বিপক্ষে ২-০ গোলের জয়ে। মরিনহো-আনচেলত্তির জন্য পেছনের প্রেক্ষাপটটাও একই। আগামী রোববার লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ রিয়ালের। যে ম্যাচে হারলে রিয়াল লিগ শিরোপার দৌড় থেকে আক্ষরিক অর্থেই ছিটকে পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ হারলেই বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধানটা বেড়ে দাঁড়াবে ১১!ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি মুখোমুখি হবে চিরশত্রু শীর্ষে থাকা মার্শেইয়ের। পিএসজি মার্শেই ম্যাচ নিয়ে ভাবুক না-ভাবুক, রিয়ালকে বার্সেলোনার ভাবনা ভাবতেই হচ্ছে। যদিও ওই ম্যাচের কথা ভেবে মরিনহো আজ বিশ্রামের পথে হাঁটার সাহস দেখাবেন কি না, সেটাও বড় প্রশ্ন। পরিসংখ্যান রিয়ালকে শঙ্কামুক্তই রাখছে। এ নিয়ে টানা তৃতীয়বার একই গ্রুপে পড়া আয়াক্স সর্বশেষ চার ম্যাচেই হেরেছে পরিষ্কার ব্যবধানে, হেরেছে রিয়ালের কাছে।আনচেলত্তিকে প্রতিপক্ষকে নিয়ে ভাবতে হচ্ছেই। পোর্তো চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন ম্যাচে কোনো গোল খায়নি। ফরাসি কোনো দলের বিপক্ষে ১১ ম্যাচে হেরেছে মাত্র একটিতে, সেটাও ৪০ বছরের ধুলোয় চাপা পড়ে গেছে।আনচেলত্তির সাবেক ক্লাব এসি মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির চাপটা আরও বেশি। লিগে বাজে শুরু করা মিলান চ্যাম্পিয়নস লিগেও প্রথম ম্যাচে নিজেদের মাঠে ড্র করেছে অখ্যাত আন্ডারলেখটের সঙ্গে। এ অবস্থায় আজ যেতে হচ্ছে রাশিয়ার বৈরী আবহাওয়ায়। প্রতিপক্ষ জেনিত সেন্ট পিটার্সবার্গ, চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে যারা ১৬ ম্যাচে অপরাজিত। তবে অ্যালেগ্রির জন্য স্বস্তির খবর, বড় অঙ্কের টাকা ঢেলে হাল্ক এবং উইটসেলকে দলে ভেড়ানো নিয়ে জেনিতে অশান্তির আগুন।আজ মাঠে নামছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও আর্সেনালও। দুই দলই খেলবে ঘরের মাঠে। সিটির প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। আর্সেনালের সামনে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস। গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় সিটি। এবারও শুরুটা হয়েছে হার দিয়ে। সিটি আজ তাই জয়ের জন্য মরিয়া। একটা রেকর্ড অবশ্য অনুপ্রেরণাই জোগাচ্ছে তাদের, নিজেদের মাঠে জার্মানির কোনো ক্লাবের কাছে কখনো হারেনি সিটি। এএফপি, রয়টার্স।আজকের ম্যাচ ডায়নামো কিয়েভ - ডায়নামো জাগরেব পোর্তো - প্যারিস সেন্ট জার্মেই শালকে - মপেঁলিয়ে আর্সেনাল - অলিম্পিয়াকোস জেনিত - এসি মিলান আন্ডারলেখট - মালাগা ম্যানচেস্টার সিটি - বরুসিয়া ডর্টমুন্ড আয়াক্স - রিয়াল মাদ্রিদ