মরিনহো আবেগপ্রবণ মরিনহো পেশাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশোধ শব্দটি একবারও উচ্চারণ করেননি। বারবার বলে এসেছেন ভালোবাসার কথা। স্টামফোর্ড ব্রিজে পা রাখার আগে বলেছেন, পরশু পা রেখেও হোসে মরিনহো একই কথা বলেছেন, ‘আমি চেলসিকে ভালোবাসি। এই স্টেডিয়াম এবং এখানকার মানুষকেও খুব ভালোবাসি।’তবে পুরোনো ক্লাবের প্রতি ভালোবাসা আর আবেগে ভেসে যাননি মরিনহো। চেলসির সাবেক কোচ চরম পেশাদারির পরিচয় দিয়ে স্টামফোর্ড ব্রিজ থেকে তাঁর দল ইন্টার মিলানকে জিতিয়ে ফিরেছেন। ভেঙে না বললেও এর পর যা তিনি বলেছেন, তাতে প্রতিশোধ নেওয়ার বিষয়টিই বেরিয়ে এসেছে, ‘আমি খুশি। আমরাই ছিলাম সেরা দল। কখনো আপনি ভাগ্যের জোরে জিতবেন, কখনো ভালো খেলে। আমরা ভালো খেলে জিতেছি।’ এর পরই বলেছেন এত দিন জমিয়ে রাখা ক্ষোভের কথাটা, ‘রোমান (চেলসি মালিক রোমান আব্রামোভিচ) বুদ্ধিমান লোক। এ কারণেই গত ১, ২ বা ৫ বছর আগে যেমন ছিল; এখন আর সে রকম নেই। সম্ভবত যখন সে প্রথম ফুটবলে এসেছিল, মনে করেছিল সবকিছু বুঝি খুব সহজ। কিন্তু এখন নিশ্চয়ই বুঝতে পারছে আসলে এটা (ইউরোপিয়ান শিরোপা জয়) এত সহজ নয়।’‘প্রতিশোধ’ নেওয়ার কথা মরিনহো বলতেই পারেন। ২০০৭ সালে তাঁকে চেলসি থেকে একরকম বেরই করে দেন ক্লাবের মালিক রোমান আব্রামোভিচ। তিন বছরে দুটি লিগ শিরোপা এনে দেওয়ার পরও এটা করেছিলেন রুশ ধনকুবের। কারণ? চ্যাম্পিয়নস লিগের শিরোপা না এনে দিতে পারার ব্যর্থতা! মরিনহোর ওই সময়টা মনে না পড়ে পারে না। হয়তো সেটি মনে করেই একটি প্রসঙ্গ তুলেছেন তিনি—২০০৬ সালের পর এই প্রথম শেষ ষোলো থেকে কাটা পড়ল চেলসি।মরিনহো চেলসিতে যোগ দিয়েছেন ২০০৪ সালের জুন মাসে। পরের বছরই চেলসিকে নিয়ে যান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। ২০০৬ সালে অবশ্য শেষ ষোলোতেই অভিযান-যতি পড়ে। আর ২০০৭ সালে আবার সেমিফাইনালে ওঠে মরিনহোর চেলসি। ২০০৮ সালে চেলসি যে ফাইনালে খেলল, তাতে মরিনহোর কৃতিত্বের কথা হয়তো লেখা থাকবে না, কিন্তু মরিনহোর গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়েই ওটা পেরেছে ‘ব্লু’রা। এরপর এবার এ অবস্থার পর মরিনহো প্রসঙ্গটা তুলতেই পারেন।সেটা তুললেও চেলসি সমর্থকদের প্রতি ভালোবাসার প্রকাশটা ঠিকই ছিল মরিনহোর। আগেই বলে রেখেছিলেন গোল বা জয় উদ্যাপন করবেন না। কিন্তু ইতোর গোলের পর বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠেছিলেন। পরের মুহূর্তেই নিজেকে সংবরণ করে চলে যান ড্রেসিংরুমে। জয় উদ্যাপন করেছেন সেখানেই।মরিনহো যেমন চেলসিকে ভালোবাসেন, ভালোবাসেন স্টামফোর্ড ব্রিজের লোকজনকে; তেমনই স্টামফোর্ড ব্রিজের সবাইও ভালোবাসে তাঁকে। টানেলে চেলসি খেলোয়াড়দের শুভেচ্ছা পেয়েছেন। আর মাঠে ঢুকে অভিনন্দন পেয়েছেন দর্শকের। তাঁকে ভোলেনি স্টামফোর্ড ব্রিজের স্টুয়ার্ডরাও। ক্রিম বিস্কুট ভালোবাসেন মরিনহো। চেলসিতে যে তিন বছর ছিলেন খেলার বিরতির সময় ওই বিস্কুট খেতেন। পুরোনো অভ্যাসমতো পরশুও বিরতির সময় তাঁকে কয়েকটি বিস্কুট এনে দেয় স্টুয়ার্ডরা। এএফপি।