মরিনহো ইংল্যান্ডে, রোনালদোও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের মধ্যে অনেক মিল। দুজনই পর্তুগিজ। দুজনই অহংকারী। দুজনকে নিয়েই তর্ক-বিতর্ক হয় প্রায়ই। দুজনই এ সময়ের সেরা নিজ নিজ ভূমিকায়। অনেকের বিচারে সর্বকালের সেরাদের তালিকাতেও থাকেন দুজনই। হোসে মরিনহো আর ক্রিস্টিয়ানো রোনালদোকে আপাতত আরেকটি নৌকায় সহযাত্রী হিসেবে দেখা যাচ্ছে। রিয়াল মাদ্রিদে দুজনেরই ভবিষ্যৎ নিয়ে নানামুখী গুঞ্জন।মরিনহো কোচের পদ যে ছাড়বেন, এটা অনেকের কাছেই একরকম পাকা খবর। রোনালদো যদিও বলছেন, রিয়ালে তাঁর চুক্তির মেয়াদ আরও দুই বছর আছে। এ কথা শুনে রিয়ালের সমর্থকেরা আপাতত যেই না স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, অমনি হোর্হে মেন্দেস বোমা ফাটিয়ে দিলেন। দীর্ঘদিন ধরে রোনালদোর এজেন্ট হিসেবে কাজ করা মেন্দেস বলছেন, রিয়ালে রোনালদো থাকবেনই এই নিশ্চয়তা নেই!এই মেন্দেস আবার মরিনহোরও এজেন্ট। তাঁর দাবি, মরিনহো রিয়াল ছাড়বেন, এটা শুধু নিশ্চিতই নয়; কোথায় যাবেন, এটাও মোটামুটি নিশ্চিত। ‘স্পেশাল ওয়ান’ নাকি ফিরে যাচ্ছেন চেলসিতেই, ‘বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচের পরই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সবকিছু প্রায় পরিষ্কার করেই বলেছেন তিনি চলে যেতে চান। ৮০ শতাংশ সম্ভাবনা আছে তিনি চেলসিতে যোগ দেবেন। চেলসির সমর্থকেরা মৌকে শ্রদ্ধা করে, ভালোবাসে।’ ৮০ শতাংশ? তাহলে তো দুই পক্ষের কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, চেলসিতে মরিনহোর বেতনও নাকি ঠিকঠাক। বছরে এক কোটি পাউন্ড। চেলসির মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে এর মধ্যে এক দিন চেলসির এক রেস্তোরাঁয় মরিনহোকে দেখা গেছে বলেও খবর।গতকাল ভ্যালাদোলিদের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মরিনহো যদিও দাবি করেছিলেন, মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না, কিন্তু এখন মনে হচ্ছে, কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটাই বাকি। চেলসিতে দারুণ সফল একটা অধ্যায় কাটিয়েছেন মরিনহো। চ্যাম্পিয়নস লিগ জেতাতে না পারলেও ১৮৫ ম্যাচে চেলসির দায়িত্বে থেকে ১২৪টিতেই জিতিয়েছিলেন, হেরেছেন মাত্র ২১টি; বাকি ৪০টি ম্যাচ ড্র। এর মধ্যে ছিল ঘরের মাঠে লিগে টানা ৬০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও।ইংল্যান্ড যে তাঁর ভালো লাগে, ইংলিশ ফুটবল যে তিনি উপভোগ করেন, এ কথা রিয়ালে আসার পরও অনেকবারই বলেছেন মরিনহো। দুইয়ে দুইয়ে চার মেলানোই যায়। অবশ্য রোনালদোর ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। মরিনহো যদি ফেরেনও, রোনালদো ইংলিশ ফুটবলে শিগগিরই ফিরবেন কি না, কে জানে। যদিও বাজারে গুঞ্জন, তিনিও মরিনহোর মতো পুরোনো ঠিকানায় ফিরতে আগ্রহী। ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি রাজি। রোনালদোকে তারা বেচেছিল রেকর্ড দামে। তবে এবারের চুক্তিটা হতে পারে অন্য রকম। রোনালদোর বিনিময়ে আড়াই কোটি ডলার দেবে ইউনাইটেড, সেই সঙ্গে হাভিয়ের হার্নান্দেজকেও। কিংবা এমনও হতে পারে: রোনালদো=নানি+সাড়ে ছয় কোটি পাউন্ড!অবশ্য এজেন্ট মেন্দেসের ভাষ্য, কিছুদিন আগে মাদ্রিদে ‘অসুখী’ জীবনযাপন করা রোনালদো সুখের সন্ধানে পাড়ি জমাতে পারেন প্যারিসে, নতুন ঠিকানা হতে পারে পিএসজি। তবে রিয়ালের সমর্থক প্রভাবশালী স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর অন্য রকম। তাদের দাবি, আগামী দলবদলের বাজারে রিয়ালের ১০ খেলোয়াড়ের গায়ে কেউ হাত দিতে পারবে না—ইকার ক্যাসিয়াস, ডিয়েগো লোপেজ, সার্জিও রামোস, ভারান, জাবি আলোনসো, খেদিরা, মডরিচ, ওজিল, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো। মার্কার হিসাবে রিয়াল নিশ্চিতভাবেই বেচার চেষ্টা করবে ফ্যাবিও কোয়েন্ত্রাও, অ্যাঙ্গেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইন ও কাকাকে। আশ্চর্যের ব্যাপার হলো, রিয়ালে নিয়মিত সুযোগ না পেলেও কাকা ক্লাব ছাড়তে রাজি নন। এই সময় ক্লাব ছাড়লে বেতনের অঙ্কটা অর্ধেকে নেমে আসতে পারে, হয়তো এটাই তাঁর আশঙ্কার কারণ। ওয়েবসাইট।