মরিনহো এখন ‘অনলি ওয়ান’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো ‘বিনয়ী’, এমন ‘অপবাদ’ তাঁর চরম শত্রুও দেবে না। তা নিয়ে মরিনহো বিন্দুমাত্র বিচলিত নন। বিনয়ী হওয়ার কোনো চেষ্টা কস্মিনকালেও পর্তুগিজ কোচ করেননি। বরং আত্মগৌরব, অহংকার তাঁর সঙ্গেই মানায় ভালো। নিজেকে এর আগে ‘স্পেশাল ওয়ান’ ঘোষণা দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচের মনে হচ্ছে, স্পেশাল ওয়ান থেকে পদোন্নতি পাওয়ার সময় তাঁর এসে গেছে। এরই মধ্যে কীর্তির পাল্লা তো আর কম ভারী হয়নি। এবারও নিজেই নিজেকে দিলেন নতুন উপাধি—‘অনলি ওয়ান’।মরিনহো যে অনেক দিক দিয়েই একমেবাদ্বিতীয়ম, এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ইউরোপের শীর্ষ তিনটি লিগ জেতানো একমাত্র কোচকে ‘অনলি ওয়ান’ নামে ডাকাই যায়। সাংবাদিকদের সঙ্গে বরাবরই অম্লমধুর সম্পর্ক চলে আসা মরিনহো বলছেন, ‘আমাকে পছন্দ করুন আর না-ই করুন, আমি বিশ্বের একমাত্র ব্যক্তি, যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি লিগ জিতেছে। তাই “স্পেশাল ওয়ান”-এর বদলে মানুষের আসলে এখন থেকে আমাকে “অনলি ওয়ান” নামে ডাকা উচিত।’নতুন নাম, নতুন চ্যালেঞ্জ। মরিনহো জানালেন, ক্যারিয়ারে এত এত অর্জনের পরও নতুন চ্যালেঞ্জই তাঁকে উদ্দীপ্ত করে সামনে এগিয়ে যাওয়ার, ‘আক্ষরিক অর্থে প্রায় সবকিছুই জেতার পর এখন আমি আগের চেয়ে অনেক কম আত্মকেন্দ্রিক, অনেক কম আত্ম-অহংকারী। আমি সব সময়ই আমার আশপাশে যারা থাকে, সেই সব মানুষের উপভোগের ব্যাপারটাই বেশি গুরুত্ব দিই। এ কারণেই ইন্টারের হয়ে সাফল্যটা খুব উপভোগ করেছি। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, ব্যক্তিগত কোনো লক্ষ্য নয়। আমার তো এমনও মনে হয়, কোনো অফিসের মানবসম্পদ নির্বাহী হিসেবেও আমি খুব ভালো করতাম।’বাইরে থেকে যে মরিনহোকে মানুষ দেখে, সেই মরিনহো নাকি আসল মরিনহো নয়। বরং আসল মরিনহোকে কেউ চেনে না বলেও মন্তব্য করেছেন এই ৪৯ বছর বয়সী। পঞ্চাশের কোঠায় দাঁড়িয়েও তারুণ্যের রোমাঞ্চও নাকি উপভোগ করেন, ‘কদিন পরই ৫০-এ পা দেব। কিন্তু আমার মনে হয়, আমি যেন মাত্রই কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করছি।’ রয়টার্স, ওয়েবসাইট।