মরিনহো এবং ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো
হোসে মরিনহো

তাঁর মুখ খোলা মানেই আলোচনার নতুন একটা খোরাক। সংবাদ সম্মেলনে শুধু ফুটবল কোচই নয়, হোসে মরিনহো কখনো কখনো বনে যান দার্শনিকও। শুধু ‘মরিনহো-বচন’ নামের একটা বই বের করলেও সেটা কলেবরে নেহাত ক্ষীণকায় হবে না! তবে অন্য সবকিছুর চেয়ে ‘ডিম’ সম্ভবত চেলসি কোচের প্রিয় বিষয়। চেলসির হয়ে প্রথম অধ্যায়েও ডিমকে রূপক বানিয়ে ‘স্মরণীয়’ একটা উক্তি করেছিলেন। দ্বিতীয় দফায় চেলসিতে ফিরে কদিন আগে আবারও টেনে নিয়ে এসেছেন সেই ডিম। যথারীতি এই উক্তিটাও ‘সুপারহিট’। কিন্তু পরশু বাসেলের কাছে হেরে যাওয়াই সেই ডিমই এখন বিদ্রূপ হয়ে ফেরত আসছে মরিনহোর দিকে।
প্রথমবারের কথাটা সেই ছয় বছর আগের। রোমান আব্রামোভিচ টাকা খরচ করতে করতে একটু ক্লান্তই হয়ে পড়েছিলেন বোধ হয়। যে কারণে দলবদলের বাজারে মরিনহো ইচ্ছামতো খেলতে পারছিলেন না। এ নিয়ে তখন তিনি বিরক্ত। একটি সংবাদ সম্মেলনে ক্ষোভের দুয়ার খুলে দিয়েছিলেন ডিমকে টেনে এনে, ‘সুপার মার্কেটে আপনি তিন ধরনের ডিম কিনতে পাবেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর। কিছু ডিম বাকিগুলোর চেয়ে দামি, সেগুলোর অমলেট হয় ভালো। যখন সবচেয়ে ভালো ডিমগুলো আপনার নাগালের বাইরে থাকবে, তখন আপনি বুঝবেন আপনার সমস্যা আছে।’ বিশ্বসেরা ফুটবলারদের ডিমের সঙ্গে তুলনাটা শুধু মরিনহোই করতে পারেন!
চেলসি থেকে বিদায় নিয়েছিলেন সেই বছরেই। দ্বিতীয় দফায় মরিনহো অবশ্য আগের মতো অভিযোগ-টভিযোগ করলেন না। চেলসির বর্তমান দলের খেলোয়াড়দের অনভিজ্ঞতা বোঝাতে কদিন আগে সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘তারা (চেলসির খেলোয়াড়েরা) আসলে ডিমের মতো। তাদের যত্ন নেওয়ার জন্য দরকার একজন মা, এই ক্ষেত্রে অবশ্য একজন বাবা। যে কিনা শীতকালে ওদের উষ্ণ রাখবে, ওদের গায়ে কম্বল টেনে দেবে, তাদের আরও ভালো হয়ে ওঠার জন্য কাজ করবে।’ সাংবাদিকদের হাসির রোলের মধ্যে মরিনহো শেষটা করেছিলেন এই বলে, ‘একদিন এমন একটা মুহূর্ত আসবে, যখন আবহাওয়াটা বদলে যাবে, সূর্য উঠবে। তখন ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে, তৈরি হয়ে যাবে জীবনের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য।’
কিন্তু কে জানত, বাচ্চা হয়ে বেরোনোর অপেক্ষায় থাকা সেই ‘ডিম’গুলো তাঁকে এমন বিব্রতকর অভিজ্ঞতা উপহার দেবে! পরশু চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে বাসেলের কাছে হেরে যাওয়ার পর মরিনহোর দিকে ‘ডিম’ ছুড়ে দিয়েছে ইংলিশ মিডিয়া। সবার অভিন্ন সুর, মরিনহোর মুখ এখন ডিমে মাখামাখি। ইংল্যান্ডের সর্বাধিক বিক্রীত পত্রিকা দ্য সান চেলসিকে বলেছে ‘পচা ডিম।’ আরেকটি ট্যাবলয়েড দ্য মেইল বলেছে, ডিম নিয়ে রসিকতা করতে করতে মরিনহোর দিকেই এখন ডিম ছুড়ে মারা হতে পারে। অন্তত রাফায়েল বেনিতেজ কোচ থাকলে তো নিশ্চিত মারা হতো। দ্য মিরর-এর শিরোনাম, ‘চেলসির সুন্দর ডিমগুলো এখন মুরগি।’
আপাতত কিছুদিন ডিম খেতে বিস্বাদ ঠেকতে পারে মরিনহোর! ওয়েবসাইট, রয়টার্স।