মরিনহো-ক্যাসিয়াসের দুই রকম অভ্যর্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্নাব্যুতে হোসে মরিনহোর দিন সত্যিই ফরিয়ে এল? পরিস্থিতি যা, তাতে মৌসুম শেষে মরিনহোর রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়াটাকেই মনে হচ্ছে নিয়তি। একটা করে দিন যাচ্ছে, মরিনহোর রিয়াল ছাড়ার সম্ভাবনা ততই যেন জোরালো হচ্ছে। মরিনহো নিজেও আকারে-ইঙ্গিতে জানিয়ে দিচ্ছেন রিয়াল ছাড়তে তিনি প্রস্তুত। রিয়ালের সমর্থকেরা তো পারলে পর্তুগিজ কোচকে বাক্স-পেটরাসহ বিদায় করে দেয় এখনই!গত পরশুই যেমন ভ্যালাদোলিদের বিপক্ষে ম্যাচের পুরোটা সময়ই মরিনহোকে দুয়ো দিয়ে গেল বার্নাব্যু। ব্যঙ্গ-বিদ্রূপের সঙ্গে ‘মরিনহো চলে যাও, বিদায় হও’ স্লোগানও উঠল গ্যালারিতে। ফাঁকে ফাঁকে ভেসে এল উল্লাসধ্বনিও। উল্লাসমুখর স্লোগানগুলো ছুটল রিজার্ভ বেঞ্চে বসে থাকা ইকার ক্যাসিয়াসের উদ্দেশে। আরও একটি ম্যাচ রিজার্ভ বেঞ্চ গরম করে কাটিয়ে দেওয়া ক্যাসিয়াস নিশ্চয়ই দর্শকদের ভালোবাসায় ভুলে গেছেন মাঠে নামতে না-পারার যন্ত্রণা!ক্যাসিয়াসের সঙ্গে মরিনহোর দ্বন্দ্বটা প্রথম প্রকাশ্য হয় গত ডিসেম্বরে। ক্যাসিয়াসকে প্রথমবারের মতে বসিয়ে রাখার সাহস দেখানোর পর। মরিনহোর ওপর থেকে মাদ্রিদ সমর্থকদের মনটাও উঠে গেছে তখন থেকেই। মাঝে চোটের কারণে বাইরে ছিটকে পড়লেও চোট থেকে সেরেও উঠেছেন ক্যাসিয়াস। কিন্তু ডিয়েগো লোপেজের ওপরই আস্থা রাখছেন মরিনহো।‘প্রিয় তারকা’কে বেঞ্চে বসিয়ে রাখার ক্ষোভ তো আছেই। যোগ হয়েছে চ্যাম্পিয়নস লিগের হতাশাও। মরিনহো আরও একবার রিয়ালের চ্যাম্পিয়নস লিগ স্বপ্নপূরণে ব্যর্থ। এর মধ্যে গত শুক্রবার ক্যাসিয়াস সম্পর্কে গণমাধ্যমের সামনে খোল্লামখোলা হয়ে মরিনহো সমর্থকদের ক্ষোভটা আরও বাড়িয়ে দিয়েছেন। ক্যাসিয়াসকে ইঙ্গিত করে মরিনহো বলেছেন, তিনি তাদের সঙ্গে কাজ করেন না, ‘যারা বাকিদের চেয়ে নিজেদের সেরা মনে করে।’ স্বাভাবিকভাবেই তেতে ছিল সমর্থকেরা।শুধু সমর্থকেরাই কেন, শুক্রবার সংবাদ সম্মেলনে করা মরিনহোর মন্তব্যের সমালোচনা করেছেন পেপেও। যিনি শুধু মরিনহোর স্বদেশিই নন, মরিনহো ও তাঁর এজেন্টও একজনই। ক্যানাল প্লাস টেলিভিশনকে পেপে বলেছেন, ‘আমি মনে করি, সম্ভবত কোচের কথা (শুক্রবারের) পুরোপুরি গ্রহণযোগ্য নয়। ইকারের প্রতি আমাদের আরও বেশি সম্মান দেখানো উচিত। ইকার মাদ্রিদের একটা অংশ। সে এই ক্লাব এবং স্পেনের একটা প্রতিষ্ঠান। সে জানে আমরা খেলোয়াড়েরা তার সঙ্গে আছি।’ অনেক দিন ধরেই গুঞ্জন—রিয়ালের খেলোয়াড়েরা নাকি পর্তুগিজ ও স্পেন এই দুই ধারায় বিভক্ত। তবে কি পর্তুগিজ ধারা থেকেও বিচ্ছিন্ন হয়ে মরিনহো এখন রিয়ালে একা হয়ে গেছেন? রয়টার্স।