
বন্ধু তাঁরা কখনোই ছিলেন না। তবে কি শত্রু? পেশাদারির মুখোশ আঁটা বলে সেটা স্বীকার করবেন না। তবে পেপ গার্দিওলা আর হোসে মরিনহোর সম্পর্কটা যে ‘সাপে-নেউলে’ সেটা বুঝতে খুব বেশি ফুটবলবোদ্ধা হওয়ার দরকার নেই। লা লিগায় এল ক্লাসিকোর বাইরেও বাড়তি আকর্ষণ ছিল এ দুজনের কথার লড়াই। কিন্তু ফুটবল থেকে কিছুদিনের স্বেচ্ছা নির্বাসনে গিয়ে সে লড়াইয়ে পানি ঢেলে দিয়েছিলেন গার্দিওলা।
কিছুদিনের জন্যই। নির্বাসন কাটিয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়েছেন গার্দিওলা। অন্যদিকে রিয়াল ছেড়ে এখন ইউরোপা লিগের শিরোপাজয়ী চেলসির দায়িত্বে মরিনহো। আগামীকাল প্রাগের এডেন অ্যারেনায় উয়েফা সুপার কাপে এই দুই দলের লড়াই তাই অনেক দিন পর মরিনহো-গার্দিওলার ‘পুনর্মিলনী’ও।
পুরোনো শত্রুর সঙ্গে মাঠে নামার আগেই কীভাবে লড়াই জমিয়ে তুলতে হয় সেটা মরিনহোর ভালোই জানা। বাগ্যুদ্ধে পটু পর্তুগিজ কোচ এবারও তা-ই করলেন। যদিও লড়াইয়ের শুরুটা হয়েছে গত মৌসুমে ত্রিমুকুটজয়ী বায়ার্ন মিউনিখের প্রশংসা দিয়েই, ‘গত মৌসুমে ওরা যেভাবে খেলেছে তাতে আমি মুগ্ধ। গত মৌসুমের সেরা দলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ।’ মজার ব্যাপার হচ্ছে, একদিকে বায়ার্নের ভূয়সী প্রশংসা যেমন করছেন, অন্যদিকে এটাও বলে দিচ্ছেন, ওই বায়ার্ন তো ছিল ইয়ুপ হেইঙ্কেসের দল। নতুন কোচের অধীনে বায়ার্ন এতটা ভালো করবে কি না, সেটা বোঝা যাচ্ছে না।
খোঁচাটা স্পষ্টত গার্দিওলার দিকে। তবে মরিনহোর উসকানিতে এখনো পা দেননি নতুন বায়ার্ন কোচ। তাঁর হয়ে জবাবটা দিলেন বায়ার্নের সভাপতি উলি হোয়েনেস, ‘সত্যি কথা হচ্ছে, আমরা মরিনহোর সঙ্গে চুক্তি করার কোনো চেষ্টা করিনি, গার্দিওলাকে চেয়েছি। আমি তো বলব, এতেই পুরো ব্যাপারটা পরিষ্কার। স্পেনে গত কয়েক মৌসুমে ওদের মধ্যে দারুণ লড়াই হয়েছে এবং আমাদের কোচ (গার্দিওলা) অনেক ব্যবধানে জিতেছে।’ আগামীকাল ডাগ-আউটে দুজনের উপস্থিতি তাই বাড়তি আকর্ষণ হয়ে থাকবে বলে মনে করেন হোয়েনেস, ‘এটা খুবই চিত্তাকর্ষক লড়াই যা শুক্রবারের ম্যাচে বাড়তি মাত্রা যোগ করবে। একপাশে গার্দিওলা অন্যপাশে চেলসির মতো দলের কোচ হয়ে মরিনহো।’
লড়াই জমজমাট হবে এই প্রত্যাশা সবার। তবে সে লড়াইয়ে নামার আগে হয়তো কিছুটা দুশ্চিন্তায় গার্দিওলা। একে তো পরশু ছোট দল ফ্রেইবুর্গের কাছে মৌসুমে প্রথম পয়েন্ট খোয়ানোয় (১-১ ড্র) দলের মনোবলটা একটু চোটগ্রস্ত। আবার বুন্দেসলিগার এ ম্যাচেই চোট পাওয়ায় কালকের ম্যাচে অনিশ্চিত মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েইনস্টাইগার। অস্ত্রোপচারের কারণে আগে থেকেই নেই আরেক মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। মরিনহোর দলের বিপক্ষে কি আর কোনো ফাঁক রেখে মাঠে নামা যায়? এএফপি।