মরিনহো-চেলসির দুঃস্বপ্নের রাত
খেলায় হার-জিত থাকবেই। তবে গত রাতে এফসি বাসেলের কাছে চেলসির ২-১ গোলের হারের মাহাত্ম্যই আলাদা। প্রায় এক দশক পর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে চেলসির হার অন্যরকম এক গুরুত্ব যে বহন করেই। কোচ হোসে মরিনহোর জন্যও ব্যাপারটি তাঁর ব্যক্তিগত অর্জনে আঁচর ফেলে দেওয়ার মতোই।
স্ট্যামফোর্ড ব্রিজে কিন্তু অনেকটাই অপরাজেয় চেলসি। এক সময় ইংলিশ লিগে নিজেদের ঘরের মাঠে টানা ৮৬ ম্যাচে অপরাজিত থেকে অনন্য রেকর্ড সৃষ্টি করেছিল তারা। ২০০৮ সালে অবশ্য রেকর্ডটি ভেঙে যায়। হোসে মরিনহোও খুব কম সময়েই ঘরের মাঠে হারের মুখোমুখি হয়েছেন। এটা শুধু স্ট্যামফোর্ড ব্রিজে নয়। ২০০২ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ২ এপ্রিল পর্যন্ত পোর্তো, চেলসি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে ঘরের মাঠে টানা ১৫০টি লিগ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছিল স্পেশাল ওয়ানের। এসব তথ্যই বুঝিয়ে দিচ্ছে, বাসেলের কাছে গত রাতের হারটা চেলসি বা মরিনহোর জন্য কতটা হতাশার।
শনিবার এভারটনের বিপক্ষে ইংলিশ লিগে হারের হতাশা কাটতে না কাটতেই চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হারল চেলসি। এমন হূদয়-নিংড়ানো হতাশার মধ্যে অবশ্য ঘুরে দাঁড়ানোর স্বপ্নই দেখছেন মরিনহো, ‘আমার মনে হয়, গোটা দল এক হয়ে খেলতে পারেনি। আমরা মর্মাহত। তবে আরও কঠোর পরিশ্রম করতে হবে আমাদের। আমি শুধু এই পথটাই জানি। একে অপরের ওপর আস্থা রাখতে হবে। চেষ্টা করতে হবে শনিবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনতে।’
২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল চেলসি। সেই চেলসিই গত আসরে গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার ঘটনা ছিল ওটাই প্রথম। ২০০৭ সালের পর মরিনহো আবারও কোচ হয়ে ফিরেছেন স্ট্যামফোর্ড ব্রিজে। তিনি অবশ্যই চাইবেন, চ্যাম্পিয়নস লিগের গত আসরের ব্যর্থতাকে পেছনে ফেলে দারুণ কিছু করে দেখাতে। অথচ প্রথম ম্যাচেই ধাক্কা খেয়ে গেলেন মরিনহো। অবশ্য শেষ ষোলোর ছাড়ছেন না তিনি, ‘এই তিন পয়েন্ট অন্য কারও কাছ থেকে আদায় করতে হবে আমাদের। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আমি লড়াই করতে ভালোবাসি। আমার দৃঢ় বিশ্বাস, আমরা পরবর্তী ধাপে যাবই।’ সূত্র: রয়টার্স।