মরিনহো থেকে সতর্ক পেলেগ্রিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদম হুঁশিয়ার হয়ে গেছেন ম্যানুয়েল পেলেগ্রিনি। কম তো নয়, তিন বছর ধরে দেখছেন হোসে মরিনহোকে। কথার জালে প্রতিপক্ষকে ঘায়েল করতে যে তাঁর জুড়ি নেই, সেটা জানেন ম্যানচেস্টার সিটি কোচ। আর সে জন্যই কোনো ‘ফাঁদে’ পা দেবেন না পেলেগ্রিনি। কালই লিগের চতুর্থ স্থানে থাকা সিটির সঙ্গে খেলবে দুইয়ে থাকা চেলসি।
রিয়াল মাদ্রিদে পেলেগ্রিনির কাছ থেকেই ব্যাটনটা নিয়েছিলেন মরিনহো। এরপর মালাগার কোচ থাকার সময় বেশ কয়েকবারই ম্যাচ শেষে হাত মিলিয়েছেন দুজন। স্পেনে মরিনহো-গার্দিওলার কথার লড়াই তো বিখ্যাতই ছিল। সেই অভিজ্ঞতা থেকেই পেলেগ্রিনি বলছেন, ‘আমি কখনোই এমন কিছুতে জড়াইনি (কথার লড়াইয়ে)। এবং এবারও জড়াব না।’ সে জন্যই কিনা মরিনহোকে নিয়ে একদমই গৎবাঁধা কিছু বুলি আউড়ে গেলেন, ‘আমি ওকে চিনি না। সে স্পেনে কোচিং করাত। তখন আমি ছিলাম অন্য একটি ক্লাবে। মালাগার হয়ে আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলেছি। এর বেশি কিছু নয়। তার সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই।’
নিজেই শুধু নির্লিপ্ত থাকেননি, খেলোয়াড়দেরও বলে দিয়েছেন কোনো ‘উসকানিমূলক’ কথা না বলতে। সে জন্যই হয়তো সিটির সামির নাসরির কণ্ঠে এমন বিনয়, ‘আমি মনে করি তারা (চেলসি) গতবারের চেয়ে ও অনেক বেশি সমৃদ্ধ। তারা সব সময়ই একটা হুমকি, বিশেষ করে নিজেদের মাঠে। আর হোসে মরিনহো আসায় সেটা আরও বেশি।’
মরিনহো এখন আগের চেয়ে বেশ নির্ভার। চ্যাম্পিয়নস লিগে শালকেকে উড়িয়ে দিয়েছে, প্রস্তুতিটা ভালোই হয়েছে চেলসির। সবচেয়ে বড় কথা, গোল পাচ্ছেন দুই স্ট্রাইকার ইতো ও তোরেস। ‘হ্যাপি ওয়ানের’ কণ্ঠে সেই তৃপ্তি, ‘আমি স্ট্রাইকারদের নিয়ে খুশি। তারা গোল পাচ্ছিল না, কিন্তু অনেক খাটছিল।’ আজ দুজনের যেকোনো একজনকে খেলাতে পারেন মরিনহো। এএফপি।