মরিনহো নষ্ট করবেন নেইমারকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর অধীনে খেললেই ‘নষ্ট’ হয়ে যাবেন নেইমার—এমনটাই মনে করেন সান্তোসের প্রেসিডেন্ট লুইস আলভারো রিবেরো। রিবেরোর ভয়, যে কোচের নিজেরই কোনো ‘শৃঙ্খলা’ নেই, তাঁর অধীনে খেললে এ মুহূর্তে ব্রাজিলীয়দের রত্ন নেইমারের ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যাবে। এই শঙ্কা নাকি প্রায়ই আচ্ছন্ন করে তোলে সান্তোস প্রেসিডেন্টকে।এ মুহূর্তে ফুটবল বিশ্বে মেসির সঙ্গে নেইমারের তুলনাটা দারুণ মুখরোচক। পেলে কিছুদিন পরপরই নেইমারকে মেসির চেয়ে ভালো খেলোয়াড় বলে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন। তবে বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ নাকি এই নেইমারকে দলে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে নেইমারকে এ মুহূর্তে সান্তোস ছাড়বে কি না, তা কিন্তু নিশ্চিত নয়।রিবেরো ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘শুধু চিন্তা করুন, মরিনহোর মতো একজনের অধীনে খেলছে নেইমার। মরিনহোর নিজের মধ্যেই শৃঙ্খলার কোনো বালাই নেই। এটি হলে বিশ্বের সম্ভাবনাময় ফুটবলারদের অন্যতম একজনের ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে হবে।’ তবে নেইমার যদি অন্য কোথাও যান, তাহলে তাঁর বার্সেলোনাতেই যাওয়া উচিত বলে মতামত তাঁর। রিয়াল মাদ্রিদের ব্যাপারে তাঁর মূল আশঙ্কা হোসে মরিনহোকে নিয়েই। ‘বার্সায় গেলে কোনো সমস্যা হবে না নেইমারের। কিন্তু রিয়ালে গেলে “নষ্ট” হবেন তিনি। কারণ আর কিছু নয়—মরিনহো।’ রিবেরোর মন্তব্য।চারদিকে জোর বিতর্ক, বিশ্বসেরা হওয়ার জন্য ব্রাজিলীয় ক্লাব সান্তোসের মায়া ছেড়ে নেইমারের ইউরোপে পাড়ি জমানো উচিত কি না। এর ওপর বিশ্বের সেরা সেরা সব ক্লাব তাঁকে নিজেদের করে পেতে তীর্থের কাকের মতো বসে আছে। অনেকে বলছেন, ২০১৪ সালে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়ছেন নেইমার। আর তাঁকে পাওয়ার লড়াইয়ে নাকি এগিয়ে আছে বার্সেলোনা। সূত্র: ওয়েবসাইট