মরিনহো পাঁচ ম্যাচ নিষিদ্ধ
ঘটনাটা চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের সেমিফাইনালে। বার্সেলোনার কাছে ২-০ গোলে হার মানতে না পেরে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে দায়ী করেছিলেন হোসে মরিনহো। এর জের ধরে শাস্তি হিসেবে রিয়াল মাদ্রিদ ম্যানেজারের ওপর আজ পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে উয়েফা।বার্সেলোনার ‘শক্তির উত্স’ প্রসঙ্গে মরিনহো ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘আমি ঠিক জানি না, এটা ইউনিসেফের প্রচারণার জন্যই কি না। অথবা উয়েফার সঙ্গে অ্যাঙ্গেল মারিয়া ভিয়ারের (উয়েফার সহসভাপতি) সঙ্গে বন্ধুত্বের কারণেই কি না।’ মরিনহোর সেদিনের বক্তব্য ‘বাড়াবাড়ি’ বলে আখ্যায়িত করেছে উয়েফা।পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা মরিনহো আর তাঁর দল রিয়ালের জন্য মড়ার উপর খাঁড়ার ঘার মতো। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার জ্বালার সঙ্গে এ শাস্তি নতুন মাত্রা যোগ করারই কথা। তবে উয়েফার শাস্তি মুখ বুঝে মেনে নেওয়ার মতো পাত্র নন মরিনহো। শুনেই আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি। বিবিসি।