মরিনহো বনাম রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিনহো-রোনালদোর এই সম্পর্কটা এখন শুধুই অতীত ফাইল ছবি
মরিনহো-রোনালদোর এই সম্পর্কটা এখন শুধুই অতীত ফাইল ছবি

রোনালদো-মরিনহোর চিড়ধরা সম্পর্কের কথাটা জানা গেছে সাম্প্রতিক কালে। মরিনহো রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে পাড়ি জমানোর পর। কিন্তু যে তিন বছর স্যান্টিয়াগো বার্নাব্যুতে ছিলেন, দলের প্রধান স্ট্রাইকার রোনালদোর সঙ্গে সম্পর্ক খুব একটা সুখকর ছিল না মরিনহোর। সম্পর্কের অবনতিও হয়েছিল বেশ কয়েকবার। এমনকি এও জানা গেছে যে তিন বছরে খুব কম সময়ই কথাবার্তা হয়েছে তাঁদের মধ্যে।

২০১০ সালে মরিনহো যখন রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিলেন, তখন রোনালদোই ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দুজনেই ছিলেন পর্তুগালের। দুজনের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে, এটাই হয়তো সে সময় ধারণা করেছিলেন অনেকে। কিন্তু বাস্তবে তেমনটা মোটেই ঘটেনি। প্রথম মৌসুমেই রোনালদোর সঙ্গে ঝামেলায় জড়ান মরিনহো। রোনালদোর হেডে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে কোপা ডেল রে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। কিন্তু তার কয়েক দিন পরেই নিজেদের মাঠের এল ক্লাসিকোতে হেরে যায় ২-০ গোলে।

সেই ম্যাচে মরিনহোর কৌশল অনুযায়ী রিয়াল খেলছিল অতি-রক্ষণাত্মক ফুটবল, যা মোটেও ভালোভাবে নিতে পারেননি রোনালদো। সতীর্থদের বলেওছিলেন আরও আক্রমণাত্মক খেলার জন্য। কোচের রক্ষণাত্মক কৌশলটা যে পছন্দ করতে পারেননি, সেটা ম্যাচ শেষে জানিয়েছিলেন সাংবাদিকদেরও।

কোচের অবাধ্যতার খেসারত দিয়ে পরের ম্যাচটা ডাগআউটেই বসে থাকতে হয়েছিল রোনালদোকে। রিয়াল জারাগোজার বিপক্ষে সেই ম্যাচটা ৩-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। মরিনহো আর রোনালদোর এই বিবাদটা মিটিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তাঁদের এজেন্ট হোর্হে মেন্ডেস।

ক্লাবের গুরুত্বপূর্ণ এক সূত্র থেকে জানা গেছে, এই মেন্ডেসই টানা তিনটি বছর সমন্বয় করেছিলেন মরিনহো আর রোনালদোর মধ্যে। মেন্ডেসের কথায় সেবারের মতো রোনালদোর সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করেছিলেন মরিনহো।

এ বছরের শুরুতে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে হস্তক্ষেপ করতে হয়েছিল মেন্ডেসকে। গোলরক্ষক ও নিয়মিত অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে প্রথম একাদশে না রেখে সমর্থকদের চক্ষুশূল হয়েছিলেন মরিনহো। সান্তিয়াগো বার্নাব্যুতে বেশ কয়েকবার দুয়োধ্বনির মুখেও পড়তে হয়েছিল পর্তুগিজ এই কোচকে। সে সময় মেন্ডেসের অনুরোধে মরিনহোর পাশে দাঁড়িয়েছিলেন রোনালদো। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একটি গোল করে সেটা কোচকে উত্সর্গও করেছিলেন। পরে সাংবাদিকদেরও বলেছিলেন যে, কোচ দলের ভালোর জন্যই কাজ করছেন। রোনালদোর এই সমর্থনের কল্যাণে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন মরিনহো।

কিন্তু নয় দিন পরেই আবারও চিড় ধরে মরিনহো-রোনালদোর সম্পর্কে। কোপা ডেল রের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর দলের সবাইকে অভিনন্দন জানিয়েছিলেন মরিনহো। কিন্তু সমালোচনার জন্য বেছে নিয়েছিলেন রোনালদোকে। ম্যাচ শেষে সাজঘরে সবার সামনেই দলের সেরা স্ট্রাইকারটিকে ইচ্ছেমতো বকাবকি করেন মরিনহো। এরপর থেকেই মরিনহোর সঙ্গে সম্পর্কটা আর ঠিকঠাক থাকেনি রোনালদোর। সে সময়ের কথা স্মরণ করে রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক পাকো বুয়ো বলেছেন, ‘কোচের সমালোচনায় রোনালদো খুবই অসন্তুষ্ট হয়েছিল। কারণ সে সময় দলের পক্ষে সবচেয়ে বেশি গোল সে-ই করছিল।’ মাত্র কয়েক দিন আগেই যাঁর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর কাছ থেকে এমন অহেতুক সমালোচনা কারই বা ভালো লাগবে?

মরিনহো অবশ্য সাম্প্রতিক সময়ে বলেছেন, ‘রোনালদো কোনো সমালোচনা সহ্য করতে পারে না। কোচের পরামর্শ ভালোভাবে নিতে পারে না।’ রোনালদো অবশ্য পাল্টা জবাবে তেমন কিছুই বলেননি। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে ঠিকই বন্ধ করে দিয়েছেন মরিনহোর মুখ। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে মরিনহোর চেলসিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে দুটি গোলই করেছেন রোনালদো।