মরিনহো-বাধা পেরোতে পারলেন না ওয়েঙ্গার

হোসে মরিনহোর চেলসি একটা দুর্ভেদ্য বাধা হয়েই থেকে গেল আর্সেন ওয়েঙ্গারের জন্য। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়ে একবারও জয়ের স্বাদ পেলেন না আর্সেনাল কোচ। গতকালও নিজেদের মাঠে মরিনহোর চেলসির বিপক্ষে গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে ওয়েঙ্গারের শিষ্যদের।
চেলসি আর আর্সেনালের এই গোলশূন্য ড্রয়ের ফলে লাভ হয়েছে লিভারপুলের। বড়দিনের ছুটিটা পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই কাটাতে পারবে অল রেডরা। প্রিমিয়ার লিগের ১৭ ম্যাচ শেষে আর্সেনাল আর লিভারপুল, দুদলেরই সংগ্রহ ৩৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে লিভারপুল। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।
গতকাল পুরো ম্যাচে বেশির ভাগ সময় আর্সেনালের কাছেই ছিল বলের দখল। কিন্তু বেশি গোলের সুযোগ তৈরি করেছিল চেলসিই। প্রথমার্ধে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের একটা জোরালো শট ফিরে এসেছিল গোলবারে লেগে। চেলসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ানের একটি ভালো গোল প্রচেষ্টা রুখে দিয়েছিলেন আর্সেনাল গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করার সুযোগ এসেছিল আর্সেনালেরও। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে চমত্কার সুযোগটি কাজে লাগাতে পারেননি অলিভার জিরোড।
মৌসুমের শুরুটা ভালোভাবে করতে পারলেও বড়দিনের ছুটি কিছুটা হতাশা নিয়েই কাটাতে হবে আর্সেনালকে। শেষ তিনটি ম্যাচেই তারা জয়ের দেখা পায়নি। এর মধ্যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৬-৩ গোলের হারটাই বেশ খানিকটা পিছিয়ে দিয়েছে গানারদের।