মরিনহো-বাধা পেরোবেন ওয়েঙ্গার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে বলার মতো অর্জন অনেকই আছে। তবে আর্সেন ওয়েঙ্গারের একটা আফসোস না থেকেই পারে না। নয়বারের সাক্ষাতে হোসে মরিনহোর চেলসিকে যে কখনোই হারাতে পারেনি ওয়েঙ্গারের আর্সেনাল! সেই অতৃপ্তিটা ঘুচে যেতে পারে আজই। লন্ডন ডার্বিতে আজ মুখোমুখি হচ্ছে চেলসি-আর্সেনাল।
গলায় গলায় ভাব তো নেই-ই, ওয়েঙ্গার-মরিনহোর মধ্যে বরং তিক্ত সম্পর্কই ছিল একসময়। আর্সেনাল কোচকে তো মরিনহো একবার ‘বিকৃত রুচির’ লোকও বলেছিলেন। আজকের ম্যাচের আগে তাই একটা কথার লড়াই হলে অবাক হওয়ার কিছু ছিল না। তবে এমন একটা ম্যাচের আগে ওয়েঙ্গার সেটার আশপাশ দিয়েও গেলেন না, ‘এটা কোনো ব্যক্তিগত যুদ্ধ নয়। সত্যি বলতে কী, একসময় কিছু বড় ম্যাচ আমরা খেলেছি, কিন্তু এখন আমার কাছে নিজের দলের ওপর মনোযোগ দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মরিনহোও প্রতিপক্ষকে নিয়ে কিছু বললেন না। স্ট্রাইকারদের গোলখরা নিয়ে যখন কপালে ভাঁজ, তখন কথার লড়াইয়ের সময় কই? আজকের ম্যাচের আগে আক্রমণ-রক্ষণ, দুটিরই উন্নতি চান চেলসি কোচ, ‘যদি আমরা গোলের সামনে নিজেদের কার্যকারিতা বাড়াতে না পারি, তাহলে মাঠের অন্যদিকে সেটা করতে হবে।’
এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চমক ভরা। আজ আর্সেনাল জিতলেই চলে যাবে শীর্ষে, আর চেলসি জিতলে ধরে ফেলবে লিভারপুলকে। পরশু কার্ডিফকে হারিয়ে এই মুহূর্তে শীর্ষে লিভারপুলই। অনেকেই ক্লাবটিকে দেখছেন সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে। কোচ ব্রেন্ডন রজার্স সরাসরি কিছু বললেন না, ‘সাত থেকে একে কেউ কখনো যায়নি (গত মৌসুমে লিভারপুল সপ্তম হয়েছিল), কিন্তু আমরা এখন যেখানে সেটা সবার অবদানের ফসল। আমরা শুধু উন্নতির এই ধারাটা ধরে রাখতে চাই।’
পরশু ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ডেভিড ময়েসকে কথা বলতে হলো অপ্রিয় বিষয় নিয়ে। মাঠে ‘ডাইভ’ দেওয়ার অভিযোগে রেফারির হলুদ কার্ড দেখেছেন তরুণ মিডফিল্ডার আদনান ইয়ানুজাই। ময়েস অবশ্য তাঁর পাশেই দাঁড়ালেন, ‘আমার মনে হয় আদনান কলিন্সের (ওয়েস্ট হাম ডিফেন্ডার) কাছ থেকে একটা চ্যালেঞ্জ আশা করছিল। আপনি যদি সর্বশেষ দুই ম্যাচ দেখেন, যে পরিমাণ ট্যাকল তাকে সামলাতে হয়েছে, সেটা অন্য যে কারও চেয়ে বেশি।’ এএফপি।