মরিনহো-ময়েসের সঙ্গে আছেন রুনিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইন রুনি
ওয়েইন রুনি

একটু অন্য রকম একটা রঙ্গমঞ্চের কথা ভাবুন। মূল কুশীলব দুজনেরই কাজটা নেপথ্যে। দর্শক অবশ্য করতালি দেবে বাকি কলাকুশলীদের অভিনয় দেখে। কিন্তু এঁদের মধ্যেও একজনের দিকে আলাদাভাবে থাকছে পাদপ্রদীপের আলো। কিন্তু তাঁকে আদৌ মঞ্চে দেখা যাবে কি না, সেটা নিয়েই আছে সংশয়। পার্শ্বচরিত্র হলেও বাকি সবাইকে ছাড়িয়ে আলোচনায় ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি আজকের মহারণের আগে কোটি টাকার প্রশ্ন একটাই—রুনি নামছেন?
দড়ি টানাটানিই বটে। চেলসি প্রকাশ্যে জানিয়ে দিয়েছিল রুনিকে তাদের চাই। প্রথমবারের প্রস্তাবটা নাকচ হওয়ার পরও চেলসি হাল ছাড়েনি, আবারও দিয়েছিল প্রস্তাব। ইউনাইটেড এবার প্রত্যাখ্যান করে আরও দ্রুতই। দলের অন্যতম সেরা অস্ত্রকে কে হারাতে চায়? কিন্তু রুনিকে যে খুব একটা সুখী মনে হচ্ছে না! সোয়ানসির সঙ্গে প্রথম ম্যাচে শুরু থেকে খেলেননি। বদলি হিসেবে মাঠে নেমে গোল বানিয়ে দিয়েও গোলের উদ্যাপনে তাঁকে স্বতঃস্ফূর্ত দেখা যায়নি। তবে কি ওল্ড ট্রাফোর্ডের ওপর থেকে মনই উঠে গেছে রুনির?
ইউনাইটেড কোচ ডেভিড ময়েস অবশ্য একটা ভালো খবর দিয়েছেন সমর্থকদের, ‘ওয়েইন সেরে উঠেছে। চেলসির সঙ্গে প্রথম থেকে খেলার ভালো সম্ভাবনা আছে।’ চেলসি কোচ হোসে মরিনহোও জানিয়ে দিয়েছেন, রুনির জন্য আর প্রস্তাব দেবেন না। কিন্তু নাটকের শেষ অঙ্কে কি কোনো চমক অপেক্ষা করছে?
মৌসুমের প্রথম বড় ম্যাচ, ওল্ড ট্রাফোর্ডে ময়েসের অভিষেক—দর্শকদের রোমাঞ্চিত হওয়ার অনেক উপকরণই আছে। ওল্ড ট্রাফোর্ডের একটা ডাগ-আউটে মরিনহোকে দেখা যাবে আবারও, সেটাও বা কম কী? আর ইউনাইটেডের বিপক্ষে আসলেই দুর্দান্ত রেকর্ড আছে মরিনহোর। পোর্তোর হয়ে ২০০৪ চ্যাম্পিয়নস লিগে সেই পাগুলে দৌড় তো এখনো রক্ত ঝরায় ইউনাইটেড-ভক্তদের হূদয়ে। এরপর চেলসির দায়িত্বে ইউনাইটেডকে হারিয়েছেন বেশ কয়েকবার। সর্বশেষ রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন লিগে সর্বশেষ জয়ের স্মৃতিটা এখনো সজীবই থাকার কথা। ওল্ড ট্রাফোর্ডে দুই দলের শেষ দেখায় চেলসিই জিতেছিল ১-০ গোলে।
ম্যাচের আগে মরিনহো অবশ্য সেসব মাথায় রাখছেন না। চেলসি কোচ বরং প্রতিপক্ষের প্রশংসায় অকৃপণ, ‘আমার সময়ে তাদের কিন, স্কোলসের মতো অভিজ্ঞ খেলোয়াড় ছিল। ফার্ডিনান্ড, ভিদিচ, গিগসরা এখন আছে। আর সঙ্গে বেশ কিছু ভালো মানের তরুণেরা তো আছেই। এই জয়ের সংস্কৃতিটাই একটা বড় ক্লাবের বনিয়াদ। অনেক-অনেক বছর থেকেই তারা বড় ক্লাব। সবকিছুই আছে তাদের।’ ময়েস শিহরিত নিজের প্রথম ম্যাচের কথা ভেবে, ‘চেলসির বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে প্রথম ম্যাচটা আমার জন্য দারুণ রোমাঞ্চের।’ অবশ্য চোটের কারণে ময়েস আজ পাচ্ছেন না নানি, ইয়াং, হার্নান্দেজ ও রাফায়েলকে। হ্যামস্ট্রিংয়ের চোটে অনিশ্চিত চেলসি ডিফেন্ডার ডেভিড লুইজও। এএফপি, ওয়েবসাইট।