মরিনহো মরিয়া নন

‘আমি আবারও কথাটা বলছি, আমরা শিরোপা জিততে মরিয়া নই’—শিরোপাদৌড়ে থাকা একজন কোচ যখন এমনটা বলেন, একটু বিস্মিত হতেই হয়। আর সেটা যদি হয় হোসে মরিনহোর মতো কেউ, তাহলে বিস্ময়ের মাত্রাটা কোথায় গিয়ে ঠেকে অনুমান করুন! ক্যারিয়ারে শিরোপা জয় ছাড়া অন্য যেকোনো কিছু যাঁর কাছে ব্যর্থতার নামান্তর, তিনি কীভাবে এই কথা বলেন?
তবে সত্যিটা হচ্ছে, মরিনহো কথাটা বলেছেন। তাৎক্ষণিক সাফল্য নয়, চেলসি কোচের দৃষ্টি এখন বহু দূরে, ‘আমরা ভবিষ্যতের জন্য একটা দল গড়তে চাই।’ এমন একজন কথাটা বলছেন, যিনি টানা পাঁচ বছরও থাকেননি কোনো ক্লাবে!
কেন এমন বললেন চেলসি কোচ? চাইলে একটা কারণ খুঁজে বের করা যায়, কালই প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে চেলসি। খেলোয়াড়দের একটু ভারমুক্ত রাখতে মরিনহো ভবিষ্যৎ ভাবনায় আকুল হতেই পারেন।
তবে খেলাটা যখন নিজেদের মাঠে, তখন মরিনহোর দুশ্চিন্তার খুব বেশি কারণ নেই। স্ট্যামফোর্ড ব্রিজে মরিনহোর অধীনে কখনো হারেনি চেলসি। তার ওপর এই মৌসুমে ইউনাইটেডের যে অবস্থা, তাতে তো জয় না পাওয়াটাই হবে অঘটন। ডেভিড ময়েস ইউনাইটেডের দায়িত্ব নিয়েই আছেন ভীষণ চাপে। এই মুহূর্তে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে ইউনাইটেড। কাল হারলে শিরোপার যে সামান্য সম্ভাবনা আছে, সেটাও বিলীন হয়ে যেতে পারে।
ময়েস অবশ্য ময়েসের জন্য একটু বেশিই দরদী, ‘ডেভিড (ময়েস) বিপদে আছে এটা মনে করার কোনো কারণ নেই। সে খুবই সুস্থির আছে। আমার মনে হয় না কারও সহানুভূতির প্রয়োজন আছে তাঁর।’
ম্যানুয়েল পেলেগ্রিনি-ব্রেন্ডন রজার্সের আজ আনন্দের দিন। চোট কাটিয়ে ম্যানচেস্টার সিটির মূল একাদশে ফিরতে পারেন সার্জিও আগুয়েরো। প্রথম একাদশে প্রত্যাবর্তন হওয়ার কথা লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের। দুজনই অবশ্য চোট কাটিয়ে মাঠে নেমেছেন, গোলও পেয়ে গেছেন আগে। সিটি কোচ পেলেগ্রিনি ও লিভারপুল কোচ রজার্সের বড় দুশ্চিন্তা কমেছে বৈকি! এএফপি।