মরিনহো যেন নিঃসঙ্গ দ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্তো ছেড়েছেন। চেলসি-ইন্টার মিলানও ছেড়ে গেছেন। কিন্তু যে অভিজ্ঞতা তাঁর আগে হয়নি, এবার হয়তো সেটাই হতে যাচ্ছে হোসে মরিনহোর। তাঁর বিদায়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা খুশিই হবেন বলে মনে হচ্ছে। এত বড় দলে মরিনহোর পাশে প্রকাশ্যে দাঁড়িয়েছেন মাত্র তিনজন। মাইকেল এসিয়েন, ডিয়েগো লোপেজ ও লুকা মডরিচ। এরই মধ্যে মরিনহোরই স্বদেশি পেপে রীতিমতো প্রকাশ্যেই কঠোর সমালোচনা করেছেন মরিনহোর। ইকার ক্যাসিয়াসকে যেভাবে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন কোচ, সেটা একদমই পছন্দ নয় পর্তুগিজ ডিফেন্ডারের।পরশু রিয়ালের অনুশীলনে আরও স্পষ্ট হয়ে গেল সবকিছু। অনেকটা নীরবেই নিজের নিজের কাজ করেছেন সবাই। ভ্যালাদোলিদের বিপক্ষে জয়ের পরও নাকি দলীয় কোনো আলোচনা হয়নি। এমনকি পেপের এমন বক্তব্য নিয়ে ‘ক্রাইসিস মিটিং’ও না। সকালের অনুশীলনে মরিনহো একটা কথাও বলেননি। স্পেনের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া দৈনিক মার্কা সকালের সেই অনুশীলনের বর্ণনা দিয়ে লিখেছে, ’অনেক দিন পর রিয়ালের অনুশীলন মাঠ এমন একটি উত্তেজনাপূর্ণ, হাসিঠাট্টাবিহীন সময় পার করল। কিছু খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফের দ্বন্দ্ব এখন অনেকখানি প্রকাশিত। দলের অনেক সদস্যই এখন মরিনহোর শেষ দিনগুলো গুনতে শুরু করেছে।’কাল সংবাদ সম্মেলনে মরিনহো অবশ্য স্বভাবসুলভ ভাষায় পাল্টা জবাব দিয়েছেন পেপেকে। তাঁর দাবি রাফায়েল ভারানের কাছে একাদশে জায়গা হারিয়ে ক্ষোভ থেকে এসব বলেছেন পেপে।এরই মধ্যে ক্লাবের সভাপতি খোলাখুলি ঐক্যের ডাক দিয়েছেন। সাধারণত যেকোনো গুঞ্জন এড়িয়ে চলে বার্তা সংস্থাগুলো। কিন্তু রয়টার্স পেরেজের খবরটির শিরোনামই করেছে এভাবে: দ্বিধাবিভক্ত ক্লাবে ঐক্যের ডাক দিলেন রিয়াল সভাপতি পেরেজ।লিগ-চ্যাম্পিয়নস লিগ দুটো শিরোপার আশা শেষ হয়ে গেলেও রিয়ালের মৌসুম এখনো অনেক গুরুত্বপূর্ণ। ১৭ মে কোপা ডেলের ফাইনাল। যেখানে প্রতিপক্ষ নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। সময়টা বিভেদের নয়, ঐক্যের। এই ডাক দিয়ে পেরেজ বলেছেন, ‘আমাদের সামনে এখনো দুটো বড় চ্যালেঞ্জ আছে। ইউরো লিগ (বাস্কেটবল) ফাইনাল ফোর এবং কিংস কাপ ফাইনাল। আমাদের সমর্থকদের জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে, সবটুকু উজাড় করে দিয়ে লড়াই করতে হবে। আমাদের খেলোয়াড়েরা সেটা করবে নিশ্চয়ই।’

এসব ডামাডোলের মধ্যেই মরিনহোর চেলসিতে ফিরে যাওয়ার গুঞ্জন দিনকে দিন জোরালোই হচ্ছে। চেলসির অধিনায়ক জন টেরি জানিয়েছেন, চেলসি সম্পর্কে মরিনহো নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। চেলসি ছেড়ে গেলেও নিয়মিত তাঁর সঙ্গে তো বটেই, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডসহ আরও কিছু খেলোয়াড়ের সঙ্গে মরিনহো নিয়মিত মুঠোবার্তা চালাচালি করেছেন বলেও জানিয়েছেন টেরি। রয়টার্স, ওয়েবসাইট।