মরিনহো শরণে ইতো
এমন নয় যে, ইউরোপীয় বড় ক্লাবগুলোর আগ্রহ ছিল না তাঁকে নিয়ে। ইন্টার মিলানেও অপরিহার্য হয়ে উঠেছিলেন। কিন্তু পেট্রোডলারের লোভে স্যামুয়েল ইতো পাড়ি জমান রাশিয়ায়। যোগ দেন আনঝি মাখাচকালায়। তবে এত দিনে বুঝি বোধোদয় হলো ক্যামেরুনিয়ান এই স্ট্রাইকারের। রাশিয়া ছাড়তে চান তিনি। কোথায় ফিরবেন, তারও একটা ছবি এঁকে নিয়েছেন মনে মনে। ইন্টারে থাকার সময় কোচ হিসেবে পেয়েছিলেন হোসে মরিনহোকে। তাঁর ছায়াতেই আবার ফিরতে চান। আনঝি এরই মধ্যে কিছু তারকাকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইতোর আশা, মরিনহোর সবুজ সংকেত মিললেই চেলসিতে যাওয়ার সুযোগ হবে তাঁর। ‘মরিনহো একজনই। বড় বড় অনেক কোচের অধীনেই খেলেছি আমি। কিন্তু মরিনহোর মতো কোচ আর দেখিনি’—ইংলিশ ট্যাবলয়েড মিররকে বললেন ইতো। এরপরই বললেন আসল কথা, ‘তাঁর অধীনে আবারও খেলার সুযোগ চাইব আমি।’ মরিনহোর বর্তমান দল চেলসিরও প্রশংসা করেন তিনি। ওয়েবসাইট।