মরিনহো শরণে ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনারও তাহলে অন্যের পরামর্শ লাগে! ম্যারাডোনাও তাহলে খুঁজে বেড়ান একটু সদ্যুক্তি কিংবা ভালো একটা টিপস? ঠিক খুঁজে হয়তো বেড়ান না। তবে বন্ধুস্থানীয় কারও কাছে সাহায্যের হাত পাততে কোনো দ্বিধা নেই তাঁর।নেই বলেই আর্জেন্টাইন কোচ জানাচ্ছেন, দরকার পড়লে হোসে মরিনহোর কাছে পরামর্শ চাইবেন তিনি। হ্যাঁ, সেই মরিনহো, কদিন আগে যিনি ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে শিরোপাত্রয়ী জিতিয়ে এখন রিয়াল মাদ্রিদের হাল ধরেছেন। বিশ্বে নামীদামি কোচের অভাব নেই। কিন্তু ট্যাকটিক্যাল কোনো পরামর্শের দরকার হলে ম্যারাডোনার পছন্দ মরিনহোই।আর্জেন্টাইন দৈনিক লা ন্যাসিওনকে ম্যারাডোনা বলেছেন, ‘মরিনহোর সঙ্গে দেখা হলেই ফুটবল নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি। আক্রমণাত্মক, রক্ষণাত্মক সব ধরনের কৌশল নিয়েই কথা হয়।’ ম্যারাডোনার দৃষ্টিতে মরিনহো খুবই বন্ধুসুলভ, ‘তিনি এমন একজন মানুষ, যিনি চাইলেই আপনার পাশে দাঁড়াবেন, প্রয়োজনে অবশ্যই সহযোগিতা করবেন। তাঁর ফোন নম্বর আমার কাছে আছে। ভাবছি, ফোন করব।’মরিনহোর কাছে ম্যারাডোনার পরামর্শ চাওয়াটা একটু চোখে লাগে বৈকি। না, কোচ হিসেবে অভিজ্ঞতায় ম্যারাডোনার চেয়ে মরিনহো বিশাল ব্যবধানে এগিয়ে, সেটি মেনে নিতে কারও আপত্তি থাকার কথা নয়। তবে ম্যারাডোনা যেখানে সুন্দর ফুটবলের পূজারি, মরিনহোর কপালে তো রক্ষণাত্মক ফুটবলের অপবাদ। দুজনের কোচিং-দর্শন যে দুই মেরু।উত্তরটা ম্যারাডোনাও দিলেন। সাফল্যের জন্য বুভুক্ষু এই ফুটবল-বিশ্বে ম্যারাডোনাও শেষ পর্যন্ত সুন্দর ফুটবলে ছাড় দিতে রাজি নন। তবে এটাও তো সত্য, মরিনহো তাঁর কৌশল নিয়ে সফল। ‘না, এমন নয় আমি ওর কৌশল কাজে লাগাব। তবে এটাও তো আপনাকে মানতে হবে, ওর কৌশলটা ফলপ্রসূ। তিনি তো চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।’ম্যারাডোনা মরিনহোর কৌশল রপ্ত করবেন কি না, কে জানে। তবে তাঁর শিষ্য হোনাস গুতিয়েরেজের কণ্ঠে কিন্তু মরিনহোরই দর্শন। গুতিয়েরেজ বলছেন, কেবল সুন্দর ফুটবল নয়; তাঁরা চান শিরোপা জেতার মতো ফুটবলও খেলতে, ‘আমরা অবশ্যই শুধু দেখনদারি ফুটবল খেলতে চাই না। আমরা ভালো ফুটবল খেলতে চাই, বলের ব্যবহার করতে চাই। আমরা জানি, ডিয়েগো আমাদের কাছে কী চান। দেখনদারি কিংবা গ্যালারি মাতানোটাই শেষ কথা নয়; কারণ সেটা শেষ পর্যন্ত ফুটবল নয়।’ রয়টার্স।