মরিনহো সব সমালোচনার ঊর্ধ্বে: ম্যারাডোনা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ নয়বার শিরোপা জেতার রেকর্ড আছে একমাত্র রিয়াল মাদ্রিদের। কিন্তু তাদের সর্বশেষ শিরোপাটি জেতার পর প্রায় আট বছর হতে চলল। এরপর শিরোপা জেতা দূরে থাক, সেমিফাইনাল খেলাটাও হয়নি তাদের। এত বছর পর রিয়ালের সমর্থকদের সাফল্যের ক্ষুধা মেটাতে স্পেনে এসেছেন হোসে মারিনহো। তিনি এসেই প্রতিশ্রুতি দিয়েছেন রিয়ালকে শিরোপা এনে দেওয়ার। মারিনহোর এই প্রতিশ্রুতি যে একেবারে ফাঁকা বুলি নয়, তা মনেপ্রাণেই বিশ্বাস করেন ম্যারাডোনা। রিয়ালের শিরোপা-খরা কাটানোর জন্য মরিনহোকেই সবচেয়ে যোগ্য কোচ বলে মনে করেন তিনি। এমনকি মরিনহো সব ধরনের সমালোচনার ঊর্ধ্বে বলেও মত দিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।২০০৪ সালে পর্তুগিজ ক্লাব পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন মরিনহো। এরপর চেলসিতে গিয়ে ইউরোপ সেরা না হতে পারলেও টানা দুইবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন এই স্বঘোষিত স্পেশাল ওয়ান। চেলসি থেকে ইন্টার মিলানে এসে প্রায় ৪৫ বছর পর চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়েছেন ইতালিয়ান ক্লাবটিকে। আর এবার রিয়াল মাদ্রিদের হয়েও যে তিনি সফল হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ম্যারাডোনার। রিয়ালের ওয়েবসাইটে ম্যারাডোনা বলেছেন, ‘মরিনহোই রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে পারবেন। কিন্তু তিনি কী চান, সেটা যেন খেলোয়াড়েরা বুঝতে পারে, সে জন্য তাঁকে কিছুটা সময় দেওয়া দরকার।’কৌশল, কর্মপদ্ধতি নিয়ে মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়তে হয় মরিনহোকে। তবে ম্যারাডোনা মরিনহোকে সব সমালোচনার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। বলেছেন, ‘মরিনহোর কোচিং-পদ্ধতি খুবই চমকপ্রদ। তিনি সবাইকে খেলাটা উপভোগ করতে দেন। আবার কোনো কঠোর পদক্ষেপ নিতে হলে সেটাও তিনি খুব ভালোই নিতে পারেন। মাঠে খেলোয়াড়দের কীভাবে উজ্জীবিত করতে হবে, সেটাও তাঁর থেকে ভালো কেউ জানে না।’ টাইমস অব ইন্ডিয়া।