মরিনহো ‘বদ্ধ উন্মাদ’: ক্রুইফ
নিজে নিজেই ঘোষণা দিলেও ‘স্পেশাল ওয়ান’ হিসেবে স্বীকৃতিটা প্রায় পেয়েই গিয়েছিলেন হোসে মরিনহো। এবার গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লিগ শিরোপা জেতানোর পর নিজেকে ‘দ্য ওউনলি ওয়ান’ হিসেবে ঘোষণা দিয়েছেন এ সময়ের অন্যতম সফল এই কোচ। আর মরিনহোর এই আত্মতুষ্টিমূলক আচরণ পাগলামির শামিল বলে অভিহিত করেছেন কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফ। সেই সঙ্গে এবারের মৌসুমে নতুন ফুটবলার কেনার জন্য বার্সেলোনারও সমালোচনা করেছেন সাবেক এই ডাচ কিংবদন্তি।গত মৌসুমে টানা তিন বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। আর এই দুর্দান্ত সাফল্যটি দিয়ে মরিনহো একমাত্র কোচ হিসেবে অর্জন করেছেন প্রিমিয়ার লিগ, ইতালিয়ান লিগ ও স্প্যানিশ লিগ জয়ের বিরল কৃতিত্ব। আর এই অসাধারণ সাফল্যটির স্বীকৃতিস্বরূপ নিজেকে ‘দ্য ওউনলি ওয়ান’ হিসেবে ঘোষণা করেছেন এই পর্তুগিজ কোচ। তবে মরিনহোর এই অহঙ্কারী মনোভাবের কড়া সমালোচনা করেছেন বার্সেলোনার সাবেক তারকা ইয়োহান ক্রুইফ। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই কিংবদন্তি ফুটবলার বলেছেন, ‘ফুটবলার হিসেবে কোনো কিছু বলার মতো সামর্থ্য তাঁর ছিল না। কিন্তু এখন তিনি কিছু করতে পারছেন। হ্যাঁ, কেবল বদ্ধ উন্মাদ হলেই কেউ এসব কথা বলতে পারে!’ এবারের মৌসুম শুরুর আগে বেশ মোটা অঙ্কের বিনিময়ে জরডি আলবা ও আলেক্স সঙকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। তবে এই পদক্ষেপের জন্য সভাপতি সান্দ্রো রোসেলেরও সমালোচনা করেছেন ক্রুইফ। তাঁর মতে, খেলোয়াড় কিনে দল ভারি করা কাতালানদের দর্শন নয়। তিনি বলেছেন, ‘খেলোয়াড় তৈরি করাই বার্সেলোনার দর্শন। বার্সেলোনা শুধুই একটা ক্লাব নয় বরং ক্লাবের চেয়েও বেশি কিছু। আমার মনে হয়, বার্সা সভাপতি এই ধারণাটা বোঝেনই না।’ ইএসপিএন