মরিনহোই চেলসির কোচ!

চুক্তি হয়ে গেছে। হোসে মরিনহোই চেলসির নতুন কোচ।
‘স্পেশাল ওয়ান’ আবারও স্ট্যামফোর্ড ব্রিজে ফিরছেন, এটা তো ঠিকঠাক হয়েই ছিল। বাকি ছিল শুধু চুক্তিপত্রে সই। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান দাবি করছে মঙ্গলবার রাতে সেই আনুষ্ঠানিকতাটুকুও হয়ে গেছে মরিনহো আর চেলসির মধ্যে!
গত সপ্তাহেই ঝটিকা সফরে লন্ডন এসেছিলেন মরিনহো। গত সোমবার ক্রিস্টাল প্যালেস আর ওয়াটফোর্ডের মধ্যে হওয়া ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালটা তিনি দেখেছেন ওয়েম্বলি স্টেডিয়ামে বসে। তবে দ্য সান জানিয়েছে, ম্যাচ দেখাটা আসলে বাহানা মাত্র। মরিনহো এসেছিলেন কথাবার্তা চূড়ান্ত করে চুক্তিপত্রে সই করতে। চেলসিরই ঘনিষ্ঠ এক সূত্রের উল্লেখ করে পত্রিকাটি লিখেছে, ৪০ মিলিয়ন পাউন্ডে চার বছরের সেই চুক্তিটাও হয়ে গেছে। যদি তা-ই হয়, তবে আগামীকাল লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচটাই হবে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে মরিনহোর শেষ ম্যাচ। তিন বছরের বিতর্কিত এক অধ্যায় শেষ করে তিনি আবারও ফিরবেন তাঁর পুরোনো ক্লাব চেলসিতে।
চেলসিতে ফিরেই হয়তো মাসদুয়েক পরে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে ডাগআউটে বসতে হতে পারে মরিনহোকে! জুলাইয়ের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে শুরু হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ। ওই আসরেই চেলসির মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ। আর চেলসির কোচ তো তখন মরিনহোই থাকবেন, তাই না? ওয়েবসাইট।