মরিনহোকে কাকার ধন্যবাদ
ছয় কোটি ৫০ লাখ ইউরো দিয়ে আনা হলো তাঁকে। কিন্তু চোট আর ফর্ম হারিয়ে রিয়াল মাদ্রিদের এই দামি খেলোয়াড়টিই মাঠে ম্লান হয়ে গেলেন। রটনা হয়ে গেল, কোচ হোসে মরিনহোর পরিকল্পনাতেই নেই কাকা, তাঁকে বিক্রিরই পাঁয়তারা করছেন। কিন্তু কাকাকে বিক্রি করা হয়নি। কাকাও রিয়াল ছেড়ে যাননি। প্রায় দুই মৌসুম সংগ্রামের পর ব্রাজিলিয়ান মিডফিল্ডারও মাঠে ফিরেছেন যেন সেই পুরোনো ছন্দ নিয়েই।এ মৌসুমে এরই মধ্যে আটটি ম্যাচ খেলে ফেলেছেন। মনে করিয়ে দিচ্ছেন ২০০৭ সালে ফিফা বর্ষসেরা ফুটবলার কাকাকে। রিয়াল মাদ্রিদও যেন একটু একটু করে আগের সেই ‘ভয়ংকর’ দল হয়ে উঠছে। মনে আনন্দ না থাকলে কখনোই ভালো কিছু করা যায় না। চোটের কারণে কাকা ফুটবলে সেই আনন্দটাই হারিয়ে ফেলেছিলেন। কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডার এখন নিজেই বলছেন, ফুটবল খেলে আবার আগের মতোই আনন্দ পাচ্ছেন, ‘আমি ফুটবলে আবার আনন্দ পাচ্ছি। মাঠে সবকিছুই আমার জন্য কঠিন ছিল। ফুটবলের আনন্দ আর ছিল না। এ সমস্যাটা এখন নেই। এখন আমি বল পায়ে, মাঠে আবার আনন্দ পাচ্ছি।’ আর এ জন্য তিনি ধন্যবাদ দিচ্ছেন কোচ মরিনহোকে। বলছেন, নিজেকে ফিরে পেতে মরিনহোর অবদান অনেক বড়, ‘মরিনহো সম্পর্কে আমি শুধু ভালো কিছুই বলতে পারি। সবকিছুই তাঁর হাতে ছিল (আমার ক্যারিয়ার শেষ করার জন্য), তিনি ভাবতে পারতেন “একজন খেলোয়াড়, যার কাঁধে এত দায়িত্ব কিন্তু ভালো করতে পারছে না, আমরা তাঁকে বিক্রি দেব এবং তাঁর জায়গায় অন্য কাউকে নিয়ে আসব”, কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাকে সর্বদাই সাহায্য করেছেন।’রিয়াল মাদ্রিদ টিভিকে কাকা আরও বলেছেন, ‘ফুটবলে এটা খুব সাধারণ ব্যাপার, কোচ খেলোয়াড়দের ওপর আস্থাই রাখেন। কিন্তু সেটি অর্জন করতে হয় মাঠের খেলা দিয়ে, অনুশীলনে। আমার বিশ্বাস, কোচের আস্থার কারণেই আমি ধীরে ধীরে উন্নতি করেছি। এটা খুবই কঠিন, কারণ অনুশীলন সেশন আমার জন্য ছিল বিপর্যয়ের কারণ। এটা কখনোই তাঁর সমস্যা ছিল না। সমস্যা ছিল আমার নিজের। এবং শেষ পর্যন্ত তিনি সব সময়ই আমার পাশে থাকতেন, সাহায্য করতেন এবং আমাকে শান্ত এবং ধৈর্য ধরতে বলতেন।’কোচের সাহায্য তো আছেই। নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন। কাকাই বলছেন, এমন অনেক সময় গেছে, যখন কোনো কিছুই তাঁর পক্ষে যায়নি। বার্নাব্যুতে প্রথম তিন বছরের সংগ্রামটা কেমন ছিল এই কথায় আরও ভালোভাবে বোঝা যায়, ‘অনেক সময় আমি কেঁদেছি। কারণ আমি বুঝতে পারিনি কেন সবকিছু আমার মনমতো হয় না। সাধারণত খেলোয়াড়েরা যা করে আমিও তাই করার চেষ্টা করতাম, যেমন ভালো ঘুম, নিজের যত্ন নেওয়া।’ এএফপি, ওয়েবসাইট।