মরিনহোকে চেলসিতে চান ল্যাম্পার্ড
ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে জোর গুজব উঠেছে, এবারের মৌসুমের শেষেই আবার চেলসিতে ফিরে যাবেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচের অধীনেই টানা দুইবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল চেলসি। তাই এ সময়ের অন্যতম সফল এই কোচের প্রত্যাবর্তনের খবরটা আশার সঞ্চার করেছে চেলসি-শিবিরে। ‘স্পেশাল ওয়ান’ মরিনহোকে ডাকাডাকিই শুরু করে দিয়েছেন চেলসির সহ-অধিনায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।২০০৪ সালে প্রথমবারের মতো চেলসির কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন হোসে মরিনহো। তারপর পর্তুগিজ এই কোচের তত্ত্বাবধানে টানা দুটি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল চেলসি। এ ছাড়া ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে দুটি লিগ কাপ ও একটি এফএ কাপের শিরোপাও এসেছিল স্ট্যামফোর্ড ব্রিজে। মরিনহো দ্বিতীয়বারের মতো কোচের দায়িত্ব গ্রহণ করলে চেলসি আবারও সাফল্যের ধারায় ফিরতে পারবে বলে বিশ্বাস করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার বলেছেন, ‘আমার মনে হয়, মরিনহো ফিরে এলে সেটা ক্লাবের জন্য খুবই দারুণ ব্যাপার হবে। তিনি একজন অসাধারণ কোচ। এর আগেও এ ধরনের অনেক কথাবার্তা হয়েছে। শেষ পর্যন্ত কী হবে, আমরা এখনো জানি না। কিন্তু তিনি নিশ্চিতভাবেই সর্বকালের অন্যতম সেরা কোচ।’— রয়টার্স