মরিনহোকে ছাড়ছেন না ইতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ইতোর বুড়োটে উদ্যাপন l এএফপি
আবারও ইতোর বুড়োটে উদ্যাপন l এএফপি

‘বুড়ো’ স্ট্রাইকারের পা থেকে গোল আসছেই৷ আর ​বৃদ্ধ মানুষের মতো লাঠিতে ভর দিয়ে হাঁটার সেই উদ্‌যাপনও চলছে! চেলসির পাট চুকে গেলেও হোসে মরিনহোর সঙ্গে হিসাবনিকাশ এখনো চুকে যায়নি৷ জবাব দিয়েই চলেছেন স্যামুয়েল ইতো৷ পারফরম্যান্সে যেমন, তেমনি উদ্‌যাপনেও!
গোল করেই কর্নার ফ্ল্যাগ স্ট্যান্ডের দিকে ছুট৷ এরপর কুঁজো হয়ে কোমরে হাত দিয়ে স্ট্যান্ডে ভর দিয়ে হাঁটার ভঙ্গি, যেন কোনো বৃদ্ধ হেঁটে যাচ্ছেন লাঠি ভর দিয়ে৷ গত ৮ মার্চ টটেনহামের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে দেখা গিয়েছিল ইতোর এই উদ্‌যাপন৷ দেখা গেল পরশু জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করার পরও৷ লক্ষ্য ওই একজনই, উদ্দেশ্য ওই একই৷ ফুটবলের অনুসারী হলে প্রেক্ষাপটটা অজানা থাকার কথা নয়৷ গত ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানে চেলসি কোচ হোসে মরিনহো বলেছিলেন, ‘সমস্যা হলো আমার দলে স্ট্রাইকার নেই৷ একজন আছে, যার বয়স ৩২ বা ৩৩, কিংবা কে জানে, হয়তো আরও বেশি!’ ওই একজন বলতে মরিনহোর ইঙ্গিত ছিল ইতোর ​দিকে৷ পরে ৩৩তম জন্মদিনের দুদিন আগে টটেনহামের বিপক্ষে গোলের পর ওই উদ্‌যাপন দেখিয়েছিলেন ইতো৷
শুধু ​উদ্‌যাপনেই নয়, ইতো তোপ দেগেছেন মুখেও৷ গত ১৫ মে সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘এখন আমার বয়স ৩৩, একজন মূর্খ আমাকে বুড়ো বলেছে বলেই সেটা আপনাদের বিশ্বাস করার কোনো কারণ নেই৷’ সপ্তাহ খানেক পর আবার ছোড়েন আরেকটি গোলা, ‘একটা পাপেট আমার বয়স নিয়ে যা-ই বল​ুক, আমি এখনো দারুণ ফিট৷ মানসিকভাবেও খুব ভালো বোধ করছি৷ প্রমাণ করেছি যে আমার চেয়ে কম বয়সী অনেক ফুটবলারের চেয়েও ভালো পারফর্ম করতে পারি৷’

শেষ লাইনটার সঙ্গে দ্বিমতের জো নেই৷ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক ছাড়াও করেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ গোল৷ ক্যামেরুনের জার্সিতে তো এখনো তিনিই মূল ভরসা৷ আর মরিনহোকে এখনো যখন তাড়া করে ফিরছেন, বিশ্বকাপেও ইতোর ‘বৃদ্ধ মানুষ’ উদ্‌যাপন দেখতে প্রস্তুত থাকতে পারেন! ওয়েবসাইট৷