মরিনহোকে জবাব ওয়েঙ্গারের
বরাবরই আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন হোসে মরিনহো। স্বঘোষিত ‘দ্য স্পেশাল ওয়ান’ গত সপ্তাহে কথার তিরে বিদ্ধ করেছিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে। ইংলিশ ফুটবলের সূচিতে নাকি গানারদের কিছুটা প্রভাব থাকে—সরাসরি না হলেও এমন ইঙ্গিত করেছিলেন মরিনহো। কিন্তু মরিনহো প্রতিপক্ষকে খোঁচা মেরে নিজে স্বস্তিতে নেই। পাল্টা জবাব তাঁকে হজম করতেই হচ্ছে। সেটিও বেশ কড়া ভাষায়। ইংলিশ ফুটবলের সূচিতে প্রভাব খাটানো দূরের কথা, সূচিতে নাকি সবচেয়ে বেশি ভুক্তভোগী আর্সেনালই! এমন দাবি করে মরিনহোর সঙ্গে কথার যুদ্ধকে জমিয়েই দিয়েছেন আর্সেনাল কোচ।
‘খুব সহজ ব্যাপার এটা। সূচির দিকে তাকান এবং আপনারাই বিশ্লেষণ করুন। আমার বিশ্বাস আপনারা একটা বস্তুনিষ্ঠ ধারণা পেয়ে যাবেন। দেখবেন আর্সেনালই সবার পেছনে। গত পাঁচ বছরে শীর্ষ পর্যায়ের দলগুলোর মধ্যে সূচিতে আর্সেনালই সবচেয়ে কম বিশ্রাম পেয়েছে’—বলেছেন ওয়েঙ্গার। একটা প্রতিষ্ঠানের গবেষণায়ও তা প্রমাণিত বলে দাবি আর্সেনাল কোচের, ‘ওই গবেষণা আমি করিনি, একটা স্বাধীন প্রতিষ্ঠানই এটা করেছে। ওখানে আমার কোনো প্রভাব নেই।’
নিজের কথার স্বপক্ষে আরও যুক্তিও দিলেন ওয়েঙ্গার। টেনে এনেছেন বড়দিনের ছুটির আগে আর্সেনালের সূচির প্রসঙ্গও। ওই সপ্তাহের শুরুতেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগের ম্যাচের পর আর্সেনাল সপ্তাহের মাঝামাঝি নাপোলির বিপক্ষে খেলেছে চ্যাম্পিয়নস লিগে। দুটি ম্যাচেই হেরেছিল তারা।
মরিনহোকে জবাব তো দিয়েছেন, কিন্ত আর্সেনালের সূচি-দুর্ভাগ্য যে শেষ হচ্ছে না এখানেই। শুধু অতীতে নয়, সামনেও আর্সেনালের জন্য সূচিতে ভোগান্তি অপেক্ষা করছে আরও!
ফেব্রুয়ারির মাঝামাঝি এফএ কাপের পঞ্চম রাউন্ডে লিভারপুলের বিপক্ষে খেলবে আর্সেনাল। তার আগে প্রিমিয়ার লিগে দুটি ম্যাচে গানারদের প্রতিপক্ষ লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। সপ্তাহ দুয়েকের মধ্যে চারটি বড় ম্যাচ। তবু খুব একটা চিন্তিত নন আর্সেনাল কোচ, ‘অনেকগুলো বড় ম্যাচ, সামনে বড় চ্যালেঞ্জ। তবে আমরা খুব আত্মবিশ্বাসী।’ এএফপি।