মরিনহোকে ডরান না ময়েস
ওয়েইন রুনিকে কিনতে একেবারে উঠেপড়ে লেগেছেন হোসে মরিনহো। ভাবখানা এমন, রুনিই যেন বিশ্বের এক নম্বর স্ট্রাইকার। অথচ বহুদিন ধরেই রুনির ফর্ম পড়তির দিকে। অনেকের ধারণা, রুনিকে কিনতে চাওয়াটা মরিনহোর স্রেফ একটা চাল ছাড়া কিছুই নয়। খালি খালি ম্যানচেস্টার ইউনাইটেডকে দৌড়ের ওপর রাখার কৌশল। মরিনহোর জাতটা ভালো করে জানেন বলেই ডেভিড ময়েস বলছেন, চেলসিতে ফিরে আসা স্পেশাল ওয়ানের মনস্তাত্ত্বিক খেলা খুব একটা পাত্তা দিচ্ছেন না তিনি।চেলসিতে মরিনহোর প্রথম দফা বেশ জমেছিল অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে। মরিনহো ইন্টার মিলানে চলে যাওয়ার সময় ফোড়ন কেটে ফার্গি বলেছিলেন, ‘আমি ওকে খুব মিস করব।’ মরিনহো ফেরার আগেই ফার্গি দৃশ্যপট থেকে বিদায় নিয়েছেন। তবে তাঁর উত্তরসূরি হিসেবে আসা ময়েসও বুঝিয়ে দিলেন, খেলটা জমবে ভালোই। গ্লাসগোর লোকেরা মনস্তাত্ত্বিক চালবাজি খুব পছন্দ করে বলেই দাবি এই স্কটিশ কোচের।