মরিনহোকে নিয়ে আবার...
হোসে মরিনহো রিয়াল মাদ্রিদে থাকবেন কি থাকবেন না, তা নিয়ে গুঞ্জন আবার তুঙ্গে। মৌসুম শেষেই মরিনহো রিয়াল ছেড়ে যেতে পারেন, এই গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। মাঝে একটু থিতিয়ে পড়লেও এটিকে নতুন করে উসকে দিয়েছেন ক্যানিয়াসের সভাপতি হোসে ম্যানুয়েল আলভারেজ। মাদ্রিদেরই নিচু বিভাগের দল ক্যানিয়াসের সভাপতি সেদিন আচমকাই বলে বসেন, মৌসুম শেষে মরিনহো আর বার্নাব্যুতে থাকছেন না। কিন্তু রিয়ালের সাবেক তারকা লুইস ফিগো বলছেন, রিয়ালের সঙ্গে সংশ্লিষ্ট সবারই প্রত্যাশা, মরিনহো কোথাও যাবেন না, থেকে যাবেন রিয়ালেই।মরিনহোর ছেলে এই ক্যানিয়াসেই খেলে। ক্যানিয়াস সভাপতি আলভারেজের সঙ্গে মরিনহোর সম্পর্কও ভালো। ১৫ এপ্রিল ক্যানিয়াস আয়োজিত চতুর্থ ফুটবল কোচেস রিফ্রেশার্স কোর্সেও উপস্থিত ছিলেন মরিনহো। সেখানে রিয়াল কোচ নাকি ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি, প্রতিপক্ষকে নিয়ে গবেষণা ইত্যাদি অনেক বিষয় নিয়ে সুন্দর সুন্দর কথাও বলেছেন। সুসম্পর্কের কারণেই হয়তো মরিনহোকে ক্লাবের কোচিং স্টাফদের টেকনিক্যাল উপদেষ্টা করার প্রস্তাব দিতে চেয়েছিল ক্যানিয়াস। সেদিকেই ইঙ্গিত করে আলভারেজ বলেন, ‘মরিনহো কয়েক দিন আগে আমাদের বলেছেন, আগামী মৌসুমে আমাদের কোচদের সঙ্গে কথা বলতে পারবে না। কারণ সে এখানে থাকছে না। যদি মরিনহো চলে যায়, স্প্যানিশ ফুটবলের জন্য হবে বড় ক্ষতি।’পরক্ষণেই অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন আলভারেজ। মাদ্রিদের প্রভাবশালী ক্রীড়া দৈনিক মার্কার মাধ্যমে মরিনহো ও তাঁর দলকে অভিনন্দনও জানিয়েছেন, ‘আশা করি, মরিনহো আমাকে ক্ষমা করে দেবেন এবং রুষ্ট হবেন না। আমি মরিনহো ও তাঁর খেলোয়াড়দের খুশিই দেখতে চাই। আশা করছি, আমি ভুল প্রমাণিত হব এবং তিনি মাদ্রিদে থেকে যাবেন।’ ক্ষমা চেয়েছে ক্যানিয়াসও। কিন্তু ক্ষমা চাইলেই কি আর গুঞ্জন উড়ে যায়! মার্কাই যেমন ধরেছে লুইস ফিগোকে। রিয়ালের সাবেক পর্তুগিজ তারকা বলেছেন, ‘আপনাদের উচিত তাকেই জিজ্ঞেস করা যে সে থাকবে কি থাকবে না। অন্যের ব্যাপারে আমি কথা বলতে পারব না। আমি ক্লাবে নেই। আমরা বরং অপেক্ষা করতে পারি, দেখা যাক কী ঘটে। রিয়াল মাদ্রিদের সমৃদ্ধ ইতিহাস আছে। সে চলে গেলেই তা বদলে যাবে না। তবে রিয়ালের প্রত্যেকেই আশাবাদী, সে থেকে যাবে।’ সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার ফিগো আশাবাদী, বিতর্ক পেছনে ফেলে রিয়াল এবার ঘরে তুলবে চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপা—লা ডেসিমা। মরিনহো জবাব দিয়ে দিয়েছেন কালই। তবে রিয়াল মাদ্রিদে থাকার ব্যাপারে দায়বদ্ধতা প্রকাশ পায়নি তাঁর কথায়,‘ মূল ব্যাপারটা হলো, মৌসুমটা সম্ভাব্য সেরা উপায়ে শেষ করা। এরপর আমরা একসঙ্গে বসেই উপসংহারে পৌঁছাবো।’ ওয়েবসাইট।