মরিনহোকে নিয়ে জাভি
হোসে মরিনহোর বিদায়ে খানিকটা স্বস্তির হাওয়াই বয়ে যাওয়ার কথা বার্সেলোনা শিবিরে। গত কয়েকটি এল ক্লাসিকোতে মরিনহোর দলকে হারাতে পারেনি বার্সা। মাঠের বাইরের লড়াইও তো কম করতে হয়নি। বিস্ময়কর হলেও সত্যি, হারানোর বেদনাও ছুঁয়ে যাচ্ছে বার্সার কাউকে কাউকে! কদিন আগেই দানি আলভেজ বলেছিলেন, মরিনহোর বিদায়ে খানিকটা হলেও রং হারাবে লা লিগা। জাভি হার্নান্দেজ আবার হারাচ্ছেন বাড়তি তাড়না। মরিনহোর দলকে হারাতে পারার তৃপ্তি ও মজাটাই যে আর থাকছে না!তবে মরিনহোকে খানিকটা খোঁচা দিতেও ছাড়েননি জাভি, ‘আমি ঠিক নিশ্চিত নই আমরা তাকে মিস করব, নাকি করব না। সে একজন বিতর্কিত কোচ। তার দলের বিপক্ষে মাঠে নামা সব সময়ই ছিল বাড়তি অনুপ্রেরণার। তবে মরিনহো মাদ্রিদের কোচ থাকার পরও আমরা শিরোপা জিতেই চলেছি। তিন বছরের দায়িত্বে আমাদের কাছ থেকে একটা-দুটো শিরোপা সে কেড়ে নিতে পেরেছে, কিন্তু আমাদের জয়ের ধারা অব্যাহতই থেকেছে। আমাদের মূল লক্ষ্যই ছিল সেটা।’মরিনহোর বিদায় রিয়ালের জন্য খুব বড় ধাক্কা হয়ে আসবে না বলেও বিশ্বাস জাভির, ‘মরিনহো ছাড়া মাদ্রিদ কেমন চলবে, সেটা সময়ই বলবে। তবে মরিনহো থাকুক আর না থাকুক, আমি নিশ্চিত মাদ্রিদ ভবিষ্যতে শিরোপা জিতবে।’ এএফপি।