মরিনহোকে বালোতেল্লির পরামর্শ!
‘স্বভাবচরিত্র ভালো’—মারিও বালোতেল্লি সম্পর্কে এই সার্টিফিকেট তাঁর কোনো কাছের বন্ধুও হয়তো দিতে পারবেন না। সেই বালোতেল্লিই কিনা ভালো আচরণের সবক দিচ্ছেন হোসে মরিনহোকে! ম্যানচেস্টার সিটির ইতালিয়ান স্ট্রাইকার রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচকে বলেছেন আরও বিনয়ী হতে।‘মরিনহো বিশ্বের সেরা কোচ, কিন্তু তাঁকে শিখতে হবে কীভাবে বিনয়ী ও শ্রদ্ধাশীল হতে হয়’—গাজেত্তা দেল্লো স্পোর্তকে গতকাল বলেছেন বালোতেল্লি। দুজনের সম্পর্কের অতীত জানলে অবশ্য ২০ বছর বয়সী স্ট্রাইকারের কথায় অবাক হওয়ার কিছু নেই। ইন্টার মিলানে থাকার সময় থেকেই দুজনের সম্পর্ক রীতিমতো দা-কুমড়ো। প্রতিভা নিয়ে সংশয় নেই, কিন্তু আচার-আচরণ নিয়ে আপত্তির কারণে বালোতেল্লির সঙ্গে অনেকবারই লেগে গিয়েছিল মরিনহোর। একপর্যায়ে এই স্ট্রাইকারকে সেরা একাদশের বাইরে রেখেছিলেন টানা সাত ম্যাচ।কোচের প্রসঙ্গ যখন উঠেছেই, এসেছে সাবেক কোচের সঙ্গে বর্তমান কোচের তুলনাও। এই তুলনাতেও মরিনহোকে খোঁচা দিতে ভোলেননি বালোতেল্লি, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচ মানচিনি, খুব শিগগির তিনি হবেন বিশ্বের সেরা কোচ। মানুষ হিসেবে তো তিনি মরিনহোর ১০ কিলোমিটার আগে।’ এভাবে খোলামেলা কথা বলা বালোতেল্লির জন্য নতুন কিছু নয়। মনের কথা মুখে এনে এমন বোমা অসংখ্য বারই ফাটিয়েছেন। এর আগে সর্বশেষটি ছিল কদিন আগেই। এসি মিলান প্রেসিডেন্ট ও ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি বলেছিলেন, ‘ইতালির সেরা প্রতিভা কাসানো।’ শুনে বালোতেল্লির জবাব, ‘হয় বেরলুসকোনি ভুল করেছেন, অথবা বালোতেল্লি সম্পর্কে কিছু জানেন না!’তবে বালোতেল্লি এবার মনে হয় ভুল জায়গায় ঢিল ছুড়েছেন। এসব শুনে চুপ করে থাকার লোক যে মরিনহো নন! এএফপি।