মরিনহোকে বায়ার্নে চান শোয়েনস্টেইগার
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গে পেরে ওঠেনি রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল কোচ হোসে মরিনহো মুগ্ধ করেছে বায়ার্ন মিউনিখের বাস্তেইন শোয়েনস্টেইগারকে। এই জার্মান ফুটবলার মরিনহোতে এতটাই মুগ্ধ যে তিনি আন্তরিকভাবেই অ্যালিয়েন্স এরিনাতে তাঁকে কোচ হিসেবে দেখতে চান।শোয়েনস্টেইগারের মতে, ক্যারিশমাটিক এই কোচের সুন্দর ঠিকানা হতে পারে বায়ার্ন মিউনিখ। এই ক্লাবে তিনি সাফল্যেরও গ্যারান্টি পেতে পারেন। তিনি খুব করে চান ভবিষ্যতে বায়ার্ন কর্মকর্তারা হোসে মরিনহোকে কোচ হিসেবে নিয়োগ দিন।‘মরিনহোকে বায়ার্নের কোচ হিসেবে পেলে খুব ভালো হয়। দুর্ভাগ্যজনকভাবে তাঁর হয়তো জার্মান ভাষায় ভালো দক্ষতা নেই। তবে আমার কেন যেন মনে হয় তিনি বায়ার্নে এসে সাফল্য পাবেন।’ জার্মানির বিল্ড পত্রিকাকে বলেছেন শোয়েনস্টেইগার। তিনি বায়ার্ন কর্মকর্তাদের এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানান।শোয়েনস্টেইগারের ইচ্ছা থাকলেও মরিনহোকে বায়ার্ন পাবে কি-না তা নিয়ে রয়েছে বিস্তর সন্দেহ। প্রথমত, রিয়াল মাদ্রিদের সঙ্গে মরিনহোর চুক্তির এখনো বাকি। দ্বিতীয়ত, কিছুদিন আগেই মরিনহো বলেছিলেন, রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই।