মরিনহোকে রিয়ালের 'ধন্যবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনে অদ্ভুত এক ‘উপহার’ পেলেন ইকার ক্যাসিয়াস। এমন এক উপহার, মনে মনে খুশি হলেও প্রকাশ্যে যে আনন্দ প্রকাশের সুযোগ নেই! পরশু তাঁর ৩২তম জন্মদিনেই রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো—ক্লাব ছাড়ছেন হোসে মরিনহো! রিয়ালের সঙ্গে আরও তিন বছরের চুক্তি ছিল এই পর্তুগিজ কোচের। দুই পক্ষের সমঝোতায় সেই সম্পর্ক বিচ্ছিন্ন হলো। গত জানুয়ারি থেকে একটি ম্যাচেও সুযোগ না পাওয়া ক্যাসিয়াসের জন্য এ বড় স্বস্তির খবর। মাদ্রিদের সংবাদমাধ্যমও হয়তো হাঁপ ছেড়ে বাঁচল!

২০১০ সালে রিয়ালের কোচ হয়ে আসার পর থেকেই মাদ্রিদের সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর অম্ল-মধুর সম্পর্ক। শেষ দিকে এসে রিয়ালের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছেন। দলের অন্তঃকলহ প্রকাশ্য হয়ে গিয়েছিল। বিশেষ করে, রিয়ালের প্রতীক হয়ে ওঠা ক্যাসিয়াসের মতো খেলোয়াড়কে বাতিলের খাতায় ফেলে দিয়ে আগুনে ঘি ঢেলেছিলেন। সব মিলিয়েই পরিস্থিতি ঘোলাটে হয়ে গিয়েছিল। এর সঙ্গে লিগ শিরোপা বার্সেলোনার কাছে সমর্পণ করা, টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ফিরে আসা, সর্বশেষ নিজেদের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কোপা ডেল রের ফাইনালে হার—মরিনহোর বিদায়ের রাস্তাটা তৈরিই হয়ে গিয়েছিল। সেটাই নিশ্চিত হয়ে গেল পরশু রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সংবাদ সম্মেলনে।

‘আমাদের কোচ হোসে মরিনহোর সঙ্গে আলাপ-আলোচনার পর আমরা সমঝোতায় পৌঁছেছি যে, এই মৌসুমের শেষে তাঁর সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। কোচ ও ক্লাব উভয় পক্ষই সম্মত হয়েছে, এটাই সঠিক সময়। গত কয়েক বছরে আমাদের জন্য তিনি যা করেছেন, সে জন্য মরিনহোকে ধন্যবাদ জানাই’—মরিনহোর রিয়াল-অধ্যায় শেষের সংবাদটি এভাবেই দিয়েছেন পেরেজ।

এক অর্থে এই খবর চমক হয়ে আসেনি। মরিনহো রিয়াল ছেড়ে চেলসিতে যাচ্ছেন—এমন গুঞ্জন বেশ কিছুদিন থেকেই ছিল। সাম্প্রতিক সময়ে মরিনহোর কথাবার্তাতেও এর আভাস পাওয়া যাচ্ছিল। সিদ্ধান্তটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হয়েছে। যে কারণে চুক্তির আরও তিন বছর থাকলেও মরিনহোকে কোনো ক্ষতিপূরণ দিতে হচ্ছে না রিয়ালকে। পেরেজ নিশ্চিত করেছেন, ‘কেউই কাউকে ছাঁটাই করেনি। এটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হয়েছে। ছেড়ে যাওয়া কারও জন্যই সুখকর কিছু নয়, তবে এটাও সত্যি, আমরা দুই পক্ষই সিদ্ধান্ত নিয়েছি, তিন বছর পর এটাই সম্পর্কটা চুকিয়ে দেওয়ার সঠিক সময়।’

পিএসজিকে ১৯ বছর পর ফরাসি লিগ শিরোপা জেতানো কার্লো আনচেলত্তির ব্যাপারে রিয়াল যে আগ্রহী, পেরেজের কথায় প্রচ্ছন্ন সেই ইঙ্গিত আছে। তবে জুভেন্টাস, এসি মিলান, চেলসির মতো ক্লাবের দায়িত্ব পালন করা এই ইতালিয়ান কোচের সঙ্গে এখনো রিয়ালের কথাবার্তা চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন সভাপতি, ‘আমি পরিষ্কার করতে চাই, কোনো কোচের সঙ্গেই আমাদের কোনো চুক্তি বা প্রাক-চুক্তি হয়নি। এ কাজটাই সামনের দিনগুলোতে আমাদের করতে হবে। পিএসজি, তাদের সভাপতি এবং অন্য সব ক্লাবের প্রতি আমাকে সম্মান দেখাতেই হবে।’

পোর্তো, চেলসি বা ইন্টার মিলানের তুলনায় রিয়ালে মরিনহোর সময়টা অসফলই বলতে হবে। তিন বছরে তিনটি শিরোপা জিতিয়েছেন, যার দুটিই কাপ ও সুপার কাপ। অবশ্য পেপ গার্দিওলার বার্সেলোনার আধিপত্যের অবসান ঘটিয়ে লিগ জিতিয়েছিলেন রিয়ালকে। শুরু থেকেই মাদ্রিদ মিডিয়ার ‘অতিরক্ষণাত্মক’ সমালোচনা শুনতে শুনতে বিরক্ত মরিনহো ২০১১-১২ মৌসুমে লিগ জেতান রেকর্ড ১০০ পয়েন্ট ও ১২১টি গোল করিয়ে। ২০ বছর পর প্রথম কাপ শিরোপাও এনে দিয়েছেন রিয়ালকে। কিন্তু সবই মিথ্যা হয়ে গেছে রিয়ালের ‘লা ডেসিমা’র স্বপ্ন পূরণ না হওয়ায়। পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জেতানো মরিনহো রিয়ালকে নিয়ে টানা তিন বছর সেমিফাইনালে ব্যর্থ হয়ে ফিরেছেন। এএফপি, রয়টার্স।