মরিনহোকে রোনালদোর জবাব

হোসে মরিনহোর সঙ্গে দেখাটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা হয়তো নিজেও ভাবেননি ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী বুধবারই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে মরিনহোর মুখোমুখি হবেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ স্ট্রাইকার। সাবেক কোচ যেসব তীক্ত বাক্যবাণ ছুড়েছেন তাঁর প্রতি, সেগুলোর জবাব মাঠে দিতে পারলে নিশ্চয়ই বেশি খুশি হবেন রোনালদো। তবে তার আগে পাল্টা কথায় কিছু জবাব এখনই দিয়ে রেখেছেন। কে জানে, মাঠের লড়াইয়ের উত্তাপটা এখন হয়তো আরও বেশি হবে।ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমেও ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন হোসে মরিনহোর অন্যতম প্রধান অস্ত্র। কিন্তু রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে আসার পর সেই একই রোনালদোই এখন হয়ে উঠেছেন মরিনহোর চক্ষুঃশূল। গত সপ্তাহেই রোনালদোকে ‘সবজান্তা’ বলে আখ্যায়িত করেন মরিনহো। এই রোনালদো ‘সত্যিকারের রোনালদো’ নন বলেও হুল ফুটিয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা কোচ। এবার এগুলোর জবাবে রোনালদো বলেছেন, ‘জীবনে কিছু বিষয় নিয়ে মন্তব্য না করাটাই ভালো। আমি কোচদের ভালো বিষয়গুলোই মনে রাখতে পছন্দ করি। যে থালায় খেয়েছি, সেখানেই থুথু ফেলার অভ্যাস আমার নেই। আর যারা আমার সম্পর্কে খারাপ কথা বলে, তাদের নিয়ে আমি কোনো কথা বলি না। আমরা খেলতে যাচ্ছি চেলসির বিপক্ষে, তাদের কোচের বিপক্ষে নয়। এটা একটা প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ। আশা করছি, এটা জিতে আমরা লা লিগার পরবর্তী মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারব।’
রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো আনচেলত্তির তত্ত্বাবধানে হয়তো কিছুটা ভিন্ন অবস্থানেও খেলতে দেখা যেতে পারে রোনালদোকে। তিনি নিজেই দিয়েছেন তেমন ইঙ্গিত, ‘কোচ সবার জন্যই ভিন্ন রকম কৌশল, ভিন্ন অবস্থানের পরিকল্পনা করেছেন। নতুন জায়গায় খেলাটা আমার জন্য ভালোই হবে। আমি এটায় মানিয়ে নিতে পারব।’ রয়টার্স।