মরিনহোকে রোনালদোর 'জবাব'!

বলেছিলেন জবাবটা মুখে দেবেন না। তবে কি মাঠেই সেই জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো? বোধ হয় সেটাই। হোসে মরিনহোকে মাঠেই জবাবটা দিয়ে দিলেন পর্তুগিজ উইঙ্গার। রোনালদোর জোড়া আঘাতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে গেছে চেলসি। আসলে রোনালদোর কাছে হারলেন মরিনহো!
দ্বিতীয় দফায় চেলসির দায়িত্ব নেওয়ার পর গত রাতে প্রথম রিয়ালের মুখোমুখি হয়েছিলেন মরিনহো, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণী লড়াইয়ে। হোক না প্রাক-মৌসুম টুর্নামেন্টের ফাইনাল, প্রতিপক্ষ সদ্য বিদায়ী ক্লাব বলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচটা গুরুত্বপূর্ণই ছিল স্পেশাল ওয়ানের জন্য। কিন্তু পাদপ্রদীপের সব আলো কেড়ে মরিনহোকে হতাশায় ডুবালেন তাঁরই এক সময়কার বাজির ঘোড়া রোনালদো।
গত মৌসুমেও মরিনহোর চোখে বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন রোনালদো। কিন্তু চেলসির দায়িত্ব নেওয়ার পর থেকেই সাবেক শিষ্যকে একের পর এক খোঁচা দিতে থাকেন মরিনহো। বেরিয়ে আসে দুজনের সম্পর্কের ফাটলটা। মরিনহোর সর্বশেষ মন্তব্য তো ছিল খুবই স্পর্শকাতর। বলেছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদো ‘আসল রোনালদো’ নন। আসল রোনালদো হচ্ছে ব্রাজিলের রোনাল্ডো!
মরিনহোর এই কথার পাল্টা জবাব ‘নকল রোনালদো’ মুখে সেভাবে দেননি। তবে এক সপ্তাহের মধ্যেই আসল জবাব দেওয়ার মোক্ষম মুহূর্তটাও পেয়ে গেলেন। নিজের ক্ষুরধার আক্রমণটা আরেকবার দেখিয়ে দিলেন। প্রাক-মৌসুমে টানা পাঁচ ম্যাচে জয় পাওয়া মরিনহোর দলকে হারের তিক্ত স্বাদও ‘উপহার’ দিলেন।
এ ম্যাচে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন মার্সেলো, ম্যাচের ১৪ মিনিটে। দুই মিনিট পরই চেলসিকে সমতায় ফেরান রামিরেস। তবে ম্যাচের ৩১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণ পরই চেলসির জালে দ্বিতীয় দফায় আঘাত হানেন রোনালদো। এটা তো মরিনহোর ওপরও অঘাত নয়!
ম্যাচে অবশ্য দুটো গোলের চেয়ে রোনালদো সবচেয়ে উজ্জ্বল মুহূর্তের জন্ম দেন মাঠে ঢুকে পড়া এক দর্শককে উষ্ণ আলিঙ্গন করে। ‘উদ্ধত’, ‘অহংকারী’ রোনালদোর এই ছবিটাও যে অচেনা!