মরিনহোকে ‘ভয়’ ফার্গির
হোসে মরিনহোকে তাঁর ভালোই চেনা আছে। চেলসিতে যে তিন বছর ছিলেন পর্তুগিজ এই কোচ, অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে ভালোই ‘দোস্তি’ জমেছিল। পুরোনো সেই সম্পর্ক ঝালাই করে নেওয়ার সুযোগ এসেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এখনো দুই পক্ষ নীরব। কোনো তোপ দাগানো নেই। আরও আশ্চর্যের বার্তা দিলেন ফার্গি, অতীতের মতো মাঠের ফুটবলের আগে জম্পেশ কথা আর মনস্তাত্ত্বিক লড়াইয়ে এবার তিনি অন্তত নামছেন না। সাদা পতাকা উড়িয়ে বিবিসিকে ইউনাইটেড কোচ বলেছেন, মরিনহো মাঠের রণকৌশলের মতো মনস্তাত্ত্বিক লড়াইয়েও ওস্তাদ, ‘ও কিসের পেছনে লেগে আছে সেটা আপনি কখনোই আগে থেকে আন্দাজ করতে পারবেন না। আমি তাই এবার ওই পথে হাঁটছি না। আমি বরং ওকেই সুযোগ করে দিচ্ছি এগিয়ে যাওয়ার।’এমনিতে দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ইউনাইটেডেরই এগিয়ে থাকার কথা। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের শক্ত অবস্থান, লা লিগার আশা যেখানে ছেড়েই দিয়েছে রিয়াল। কিন্তু ফার্গুসন বলছেন, পোর্তো আর ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা মরিনহো এই টুর্নামেন্টে অন্য চেহারাতেই দেখা দেবেন। ফার্গির আসল দুশ্চিন্তা, ‘আমাকে নিশ্চিত করতে হবে যেন সঠিক দলটাই সাজাতে পারি। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ ওয়েবসাইট।