মরিনহোয় মুগ্ধ মাতা
রিয়াল মাদ্রিদের বিদায়ী কোচ হোসে মরিনহো কারও কাছে দেবতা; কারও চক্ষুশূল। কারও চোখে তিনি বিশ্বসেরা, কারও চোখে ফুটবলের চেতনা-হন্তারক। বার্সেলোনার জাভির কাছে মরিনহো ‘বাড়তি অনুপ্রেরণা’। জাভির সেই ‘বাড়তি অনুপ্রেরণা’-ই হয়তো আগামী মৌসুমে ফিরে যাচ্ছেন পুরোনো ক্লাব চেলসিতে। এখনো কিছুই ঠিক হয়নি, তবে সাধারণ্যে ধারণা আবারও রোমান আব্রামোভিচেরই ডেরাতেই যাচ্ছেন এই পর্তুগিজ কোচ।
আর এই সম্ভাবনাতেই নড়েচড়ে বসছে পুরো চেলসি শিবির। দুহাত বাড়িয়ে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত খেলোয়াড়েরা। তেমনই একজন হুয়ান মাতা। হোসে মরিনহোকে প্রশংসায় ভাসিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তবে এখনো সবকিছু ঠিক না হওয়ায় ‘দেখি কী হয়’ দৃষ্টিভঙ্গিতেই পুরো ব্যাপারটাকে দেখছেন টানা দুবার চেলসির বর্ষসেরা হওয়া মাতা।
ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে চেলসি এখন যুক্তরাষ্ট্রে। সেখানেই পরশু মরিনহোর স্তুতি গেয়েছেন মাতা, ‘হোসে সেরাদের একজন। তিনি যে দেশেই ছিলেন সেখানেই সবকিছু জিতেছেন; পর্তুগালে, ইতালিতে, লন্ডনে চেলসিতে ও স্পেনে। আমরা ঠিক জানি না কী হতে যাচ্ছে, তবে তিনি যদি আসেন, তাকে স্বাগত জানানো হবে। কারণ, তিনি অন্যতম সেরা। চেলসি সব সময় সেরা দল হতে চায়। আমি মনে করি, তিনি যদি আসেন তাঁকে নিয়ে আমরা সবাই খুশিই হব।’
রিয়াল মাদ্রিদে শেষ মৌসুমটা মোটেই ভালো কাটেনি মরিনহোর। এক স্প্যানিশ সুপার কাপ ছাড়া রিয়াল জেতেনি কিছুই। দলের সদস্যদের সঙ্গেও মরিনহোর সম্পর্কের অবনতি হয়েছে। তবে মাতা এসব নিয়ে ভাবেন না, ‘আমি জানি না। সবকিছু বুঝতে হলে আপনাকে সেখানে থাকতে হবে। তবে আমি যেটা জানি সেটা হলো মাদ্রিদ খুব বড় একটি ক্লাব। তাদের প্রচুর চাপে থাকতে হয়। আর আমি মনে করি এটা খুব সহজ কাজ নয়। আমি শুধু এটাই বলতে পারি তিনি যদি আসেন তাঁকে নিয়েই আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করব অথবা চেষ্টা করব যে কারও (কোচ) সঙ্গেই শিরোপা (প্রিমিয়ার লিগ) জিততে।’
মাতা-সতীর্থ ব্রানিস্লাভ ইভানোভিচ বড় কোচদের সঙ্গে খেলাটাকেই একটা চ্যালেঞ্জ মনে করেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের কাছেই বড় ম্যানেজারের অধীনে খেলা ও সবকিছু করা একটা বড় চ্যালেঞ্জ। তবে এর সবটাই একটা উদ্দেশ্যেই করা—চেলসিকে অন্যতম সেরা ক্লাব বানানো।’
গত রাতেই সেন্ট লুইসের বুশ স্টেডিয়ামে সিটি-চেলসির প্রথম ম্যাচটা হয়ে যাওয়া কথা। দ্বিতীয় ম্যাচটি হবে নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে, আগামীকাল। দুটিই বেসবলের মাঠ। ওয়েবসাইট।