মরিনহোর অভিষেকে রোনালদোর উপহার
একে তো প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ। তার ওপর ম্যাচের দুই পক্ষই ভিনদেশি ক্লাব। গ্যালারি দর্শকশূন্য থাকলেও কথা ছিল না! দর্শকশূন্য? এমনটা ভাবার আগে মনে রাখা উচিত, ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদের। এবং এটি রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর অভিষেক ম্যাচ।শুধু লস অ্যাঞ্জেলেস নয়, সারা বিশ্বেরই ফুটবল-ভক্তদের একটা বাড়তি কৌতূহল ছিল ‘রিয়ালে মরিনহো জামানা’র শুরুটা কেমন হয় দেখার জন্য। তা রিয়ালে জয়যাত্রাই হলো ‘স্পেশাল ওয়ান’-এর। লস অ্যাঞ্জেলেসে মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে জিতেছে ৩-২ গোলে মরিনহোর রিয়াল। অভিষেকে মরিনহোকে জয় উপহার দিয়েছেন তাঁরই স্বদেশি ক্রিস্টিয়ানো রোনালদো। ২-২ গোলে সমতা থাকা ম্যাচের ৮২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে রিয়ালের জয় নিশ্চিত করেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।প্রীতি ম্যাচ বলে হেরে গেলেও ক্ষতি কিছু হতো না। কিন্তু মরিনহোর অভিষেক ম্যাচ বলে রিয়ালের জন্য জয় পাওয়াটা ছিল গুরুত্বপূর্ণ। গত মৌসুমে ইন্টার মিলানকে ‘ট্রেবল’ জিতিয়েছেন। এবার নিয়েছেন রিয়ালকে শিরোপা এনে দেওয়ার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের শুরুতেই একটা ধাক্কা খেতে বসেছিলেন মরিনহো। স্পেনের বিশ্বকাপজয়ী দলে খেলা পাঁচ তারকাকে ছাড়াই শুরুর ম্যাচে নামতে হয় তাঁকে। স্থানীয় দর্শকদের হতাশ করে মরিনহো মাঠে নামাননি কাকাকেও।করিম বেনজেমার বানিয়ে দেওয়া বলে গোল করে মরিনহোর মুখে ৩৪ মিনিটেই হাসি ফোটান ক্যানালেস। পরে দুই গোল করে এগিয়ে যায় আমেরিকা। ৮০ মিনিটে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন সমতা ফেরানোর দুই মিনিট পরই রোনালদোর সেই ফ্রি-কিক।অভিষেকেই জয় পেয়ে মরিনহো খুশি। খুশি রিয়ালও। কিন্তু ৯৫ ডলার দিয়ে টিকিট কেটে গ্যালারিতে আসা ৪৭৩৩৮ দর্শকের মনটা ঠিক ভরেনি। কাকা, ক্যাসিয়াসদের যে কাছ থেকে এক নজর দেখা হলো না! ওয়েবসাইট।