মরিনহোর অস্বস্তি, ময়েস এখনো আশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ফুটবলের ঠাসা সূচি সামনে। তিন দিন পরেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। এক মুহূর্ত দম ফেলার ফুরসত নেই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের। অথচ এরই মধ্যে হুট করেই এক দিনের ছুটি পেয়ে গেলেন টেরি, ল্যাম্পার্ডরা। সেটাও যেচে দিয়েছেন কোচ হোসে মরিনহো। কিন্তু এই সময় হঠাৎ ছুটি কেন দিতে গেলেন মরিনহো? ছুটি অবশ্য অবকাশযাপনের জন্য নয়, খেলোয়াড়দের একটু নির্ভার করতেই। মরিনহো বুঝতে পেরেছেন অপ্রত্যাশিত একটা হারের পর খেলোয়াড়দের ধাতস্থ হতে সময় দেওয়ার দরকার।
পরশু অঘটনের দিনে লিভারপুল ছাড়া হোঁচট খেয়েছে সব বড় দল। ম্যানচেস্টার সিটি তাও সাউদাম্পটনের সঙ্গে ড্র করেছে, নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি হেরেই বসেছে। আর প্রতিদ্বন্দ্বীদের পা হড়কানোর সুযোগটা নিয়েছে লিভারপুল, ওয়েস্টহামকে ৪-১ গোলে হারিয়ে গোল ব্যবধানে তারা এখন পয়েন্ট তালিকার দুইয়ে।
কাল পয়েন্ট খুইয়েছে শীর্ষ দল আর্সেনালও। পঞ্চম স্থানের দল এভারটন রুখে দিয়েছে গানারদের। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ৮০ মিনিটে মেসুত ওজিলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৪ মিনিট পর এভারটন সমতায় ফেরে জেরার্ড দেউলোফেউর গোলে।
ইউনাইটেড কোচ ডেভিড ময়েসের অবস্থাই বেশি সঙ্গিন। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের সঙ্গে তাঁর হাত ধরে যেন বিদায় নিয়েছে সৌভাগ্যও। ময়েস একাদশ পাল্টাচ্ছেন, নতুনদের সুযোগ দিচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আগের ম্যাচে নিজেদের মাঠে হার ছিল এভারটনের কাছে। পরশু ওল্ড ট্রাফোর্ডে কোথায় ঘুরে দাঁড়াবে, তা না নিউক্যাসলের কাছে হেরে বসল ১-০ গোলে। ২০০২ সালের মে মাসের পর এই প্রথম নিজেদের মাঠে টানা দুই ম্যাচ হারল ইউনাইটেড। কে বলবে, এই ছন্নছাড়া দলকে নিয়েই গত মৌসুমে বিপুল বিক্রমে শিরোপা জিতেছিলেন ফার্গি!
শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান এখনই ১৩ পয়েন্ট। ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার নয়ে। শিরোপা তো দূরের বাতিঘর, চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়েই সংশয়। তবে ময়েস এখনো আশা ছাড়ছেন না, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা শিরোপার খুব কাছেই যাব। আমি এখনই সুড়ঙ্গের শেষ দেখতে পাচ্ছি না। কারণ এখন আমাদের ক্রান্তিকাল চলছে। আর এ সময় এটা হতেই পারে।’ এখনই ‘ময়েস হটাও’ রব ওঠেনি, কিন্তু দুঃসময় লম্বা হলে হয়তো শিগগিরই সেটা উঠতে পারে!
চেলসির অবস্থা অত খারাপ নয়, কিন্তু হোসে মরিনহোও স্বস্তিতে নেই। চেলসি কোচের দুশ্চিন্তার আসল কারণ রক্ষণ। গত দুই ম্যাচে এ নিয়ে ৬ গোল হজম করল চেলসি। পরশু স্টোক সিটির কাছে ৩-২ গোলে হারটা এসেছে শেষ সময়ের গোলে। চেলসি কোচ অবশ্য বিস্ময়করভাবে একটু ভাবলেশহীন, ‘আমার মনে হয় আমরা ভালোই করছি। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম আর লিভারপুলের অবস্থা দেখুন। আমরা খারাপ করছি না। এমনকি পয়েন্টের হিসেবেও।’ এএফপি।
প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
আর্সেনাল ১৫ ১১ ২ ২ ৩০/১১ ৩৫
লিভারপুল ১৫ ৯ ৩ ৩ ৩৪/১৮ ৩০
চেলসি ১৫ ৯ ৩ ৩ ৩০/১৭ ৩০
ম্যান সিটি ১৫ ৯ ২ ৪ ৪১/১৫ ২৯
এভারটন ১৫ ৭ ৭ ১ ২৩/১৪ ২৮