মরিনহোর উদ্যাপন এবং...

খেলা তখন অন্তিম পর্যায়ে। ড্রটাকেই মনে হচ্ছিল সম্ভাব্য ফল। আকস্মিকভাবেই ম্যানচেস্টার সিটির হার্ট-নাস্তাসিচের ভুল-বোঝাবুঝিতে গোল করে ফেলেন তোরেস। স্ট্যামফোর্ড ব্রিজ তখন উৎসবে মাতাল। কিন্তু এ কী! হোসে মরিনহো অমন পাগলপারার মতো ছুটে চলেছেন কোথায়! পড়িমরি করে লাফিয়ে পড়লেন তিনি সিটি ডাগ-আউটের পেছনে। উল্লসিত সমর্থকদের মধ্যে কাকে যেন খুঁজছিলেন। ম্যাচটা শেষ হয়ে যায় একটু পরই। কিন্তু পেলেগ্রিনির সঙ্গে করমর্দন না করেই বেরিয়ে যান মাঠ থেকে। তা এত জায়গা থাকতে মরিনহো ওখানে কেন গিয়েছিলেন?
ম্যাচ শেষে কৌতূহলটা মিটিয়েছেন মরিনহো নিজেই। জানিয়েছেন, নিজের ১৪ বছর বয়সী ছেলে হোসে মারিওর সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নিতেই গিয়েছিলেন ওখানে। কিন্তু ঠিক সিটির ডাগ-আউটের পেছনেই অমন করাটা কি একটু দৃষ্টিকটু ছিল না? মরিনহোর আত্মপক্ষ সমর্থন, ‘আমি আমার ছেলের জন্য পুরো মৌসুমের টিকিট দিতে বলেছিলাম চেলসিকে। তারা সেটা দিয়েছে, কিন্তু প্রতিপক্ষ ডাগ-আউটের পেছনে। দোষটা চেলসিরই। তারা (সিটি) যদি বিশ্বাস করে আমার ছেলে সেখানে ছিল, তাহলে তো ভালোই। কিন্তু যদি তা না করে আর মনে করে আমি ভুল কিছু করেছি, তাহলে আমি ক্ষমা চাইছি।’
জানতে চাওয়া হয়েছিল, ম্যাচ শেষে সিটি কোচ পেলেগ্রিনির সঙ্গে হাত মেলাননি কেন? মরিনহো এটাকে বড় করে দেখেননি, ‘অন্য সংস্কৃতিতে বা অন্য দেশে আমরা শুধু ম্যাচ শুরুর আগে হাত মেলাই। এটুকুই যথেষ্ট। ম্যাচ শেষে আমরা সেটা করি না। মাদ্রিদে আমি কখনোই এটা করিনি, তাই আমাদের মধ্যে শ্রদ্ধার কোনো কমতি আছে বলে মনে করি না।’
তবে পেলেগ্রিনির কথা শুনলে অন্য রকম ইঙ্গিত পেতে পারেন, ‘আমি তার সঙ্গে হাত মেলাইনি। আমি আসলে এটা চাইনি।’
নেপথ্য নায়কদের নিয়ে এই আলোচনায় একটু আড়ালে চলে গেছেন আসল নায়কই। একটা গোল করিয়ে ও জয়সূচক গোলটা করে ফার্নান্দো তোরেসই জিতিয়েছেন চেলসিকে (২-১)। স্প্যানিশ স্ট্রাইকারের পায়ে যেন সেই পুরোনো ঝলক। মরিনহো তাই মেতেছে তোরেস-বন্দনায়, ‘এটা অসাধারণ একটা পারফরম্যান্স ছিল। তার ওপর শুরুতে একটা সহজ গোল মিস করছিল সে। এটা আসলে অসাধারণের চেয়েও বেশি কিছু।’
আজই অবশ্য তোরেসরা আবার নামছেন মাঠে। লিগ কাপের চতুর্থ রাউন্ডে চেলসির প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা আর্সেনাল। এএফপি।