মরিনহোর কথায় ভুলছেন না মেসি
এ মাসের শেষেই স্প্যানিশ লিগের সবচেয়ে বড় আকর্ষণ ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। তার আগে কথার লড়াইটা বেশ ভালোই জমে উঠেছে দুই শিবিরে। কয়েক দিন আগেই বার্সা স্ট্রাইকার ডেভিড ভিয়ার গোল-খরার প্রসঙ্গ তুলে রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমার ফর্মহীনতার বৈধতা নাকি দিতে চাচ্ছিলেন কোচ হোসে মরিনহো, এমনটাই দাবি বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। মেসির মতে, সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে তাঁর জবাব দিয়েছেন ভিয়া। তাই মরিনহোর কথার ফাঁদে পা দেওয়া বার্সেলোনার উচিত হবে না বলে নিজ ক্লাবকে সতর্ক করেছেন তিনি।এ ব্যাপারে মেসি বলেন, ‘মরিনহো আমাদের কথার ফাঁদে ফেলতে চান। তাঁর কথাকে খুব গুরুত্ব দেওয়া আমাদের উচিত হবে না। এ মুহূর্তে খেলাটাকেই সব মনোযোগের কেন্দুবিন্দুতে পরিণত করতে হবে আমাদের।’মেসির কথারই প্রতিধ্বনি করেছেন বার্সার আরেক প্লেমেকার জাভি। ইনজুরির কারণে দুই ম্যাচ মাঠের বাইরে থাকার পর আবার মাঠে ফিরে জাভি বলেছেন, ‘আমরা কথার যুদ্ধে জড়াতে চাই না। কে ভালো, কে মন্দ তা মাঠেই প্রমাণ করতে চাই।’এ মৌসুমেই ভ্যালেন্সিয়া থেকে ৫৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বার্সেলোনায় এসেছিলেন বিশ্বকাপে পাঁচ গোল করা ডেভিড ভিয়া। কিন্তু স্প্যানিশ লিগে গোল না পাওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হচ্ছিল এই স্প্যানিশ স্ট্রাইকারকে। কিন্তু সেভিয়ার বিপক্ষে দুই গোল করে আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।২৮ নভেম্বর ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথ কেমন উত্তাপ ছড়াবে, তা ভালোমতো টের পাওয়া যাচ্ছে এখনই!—টাইমস অব ইন্ডিয়া