মরিনহোর চোখে ওঁরা 'ডাইভার'
‘আমি খেলোয়াড়দের অনেকবারই এটা বলেছি। আমি এটা ঘৃণা করি। এটা খুব খারাপ’—হোসে মরিনহো।
মনে মনে নিশ্চয় ভাবছেন, হঠাৎ কী নিয়ে এমন খেপেছেন চেলসি কোচ? উত্তরটা হচ্ছে ‘ডাইভিং’। মাঠে ইচ্ছে করে পড়ে যাওয়ার ঘটনা ফুটবলে নতুন নয়। কিন্তু ইদানীং প্রবণতাটা আরও বেড়েছেই। কেউ কেউ রেফারির চোখে ধুলো দিয়ে পেনাল্টি যেমন পেয়েছেন, আবার কাঁচা অভিনয়ের জন্য কেউ কেউ হলুদ কার্ডও দেখেছেন। কিন্তু পুরো ব্যাপারটা একদমই বরদাশত করতে পারছেন না মরিনহো।
গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগে নেইমার-বালোতেল্লির বিরুদ্ধে উঠেছিল অভিযোগটা। সেল্টিকের সঙ্গে ম্যাচে পড়ে গিয়ে নেইমার আদায় করে নিয়েছিলেন লাল কার্ড। আর আয়াক্সের বিরুদ্ধে বালোতেল্লি তো পেনাল্টিই পেয়ে গিয়েছিলেন। মরিনহোর দাবি, এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। না হলে এটা বন্ধ হবে না বলেও শঙ্কা তাঁর।
মজার ব্যাপার, মরিনহোর অধীনে দ্রগবা-রোবেনদের বিরুদ্ধেও এমন অভিযোগ ছিল। সেটা মনে করিয়ে দিলে মরিনহো বললেন, ‘আমি কাউকে এ জন্য (ডাইভিং) বসিয়ে রাখিনি বটে, কিন্তু কখনোই এ ব্যাপারে ছাড় দিই না। আমি দ্রগবা ও রোবেনের সঙ্গেও এটা নিয়ে কথা বলেছিলাম।’ ওয়েবসাইট।